ডেস্ক রিপোর্ট

১ ডিসেম্বর ২০২১, ৫:৩২ অপরাহ্ণ

ডা. মনীষা চক্রবর্ত্তীর পৈতিক ভিটা দখলের অপচেষ্টা, প্রতিবাদে সমাবেশ

আপডেট টাইম : ডিসেম্বর ১, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তীর পিতামহ শহীদ মুক্তিযোদ্ধা সুধীর কুমার চক্রবর্ত্তী স্মৃতি পাঠাগার, দাতব্য চিকিৎসালয় ও বসতভিটা দখলের অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তীর পৈতিক ভিটা দখলের অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, শহীদ মুক্তিযোদ্ধা সুধীর কুমার চক্রবর্ত্তী স্মৃতি দাতব্য চিকিৎসালয় এবং মুক্তিযোদ্ধা সুধীর কুমার চক্রবর্ত্তী স্মৃতি পাঠাগারসহ বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধাগণ। নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদের নামে পাঠাগার ও দাতব্য চিকিৎসাকেন্দ্র এবং মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের ঘটনায় বিষ্ময় প্রকাশ করে বলেন, স্বাধীন দেশে এভাবে একজন মুক্তিযোদ্ধা যিনি দেশ স্বাধীনের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাঁর নামে পাঠাগার, দাতব্য চিকিৎসালয় এবং বসতভিটা রাতের আঁধারে যারা দখলের পাঁয়তারা করছে তাদের পরিনাম হবে ভয়াবহ। বরিশালবাসী কোনভাবেই এই দখলদার কুচক্রি মহল ও তাদের দোসরদের ছেড়ে দিবে না।

উল্লেখ্য যে, বরিশাল জেলার অন্তর্গত বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে শ্যামপুর গ্রামে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, পিতা সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও পিতামহ শহীদ মুক্তিযোদ্ধা সুধীর কুমার চক্রবর্ত্তীর এই তিন পুরুষের ভিটা অবস্থিত। এর সপক্ষে হালনাগাদ রেকর্ড, এসএ খতিয়ান, সিএস খতিয়ান, সম্পত্তির যাবতীয় দলিলপত্র, এ যাবৎকালের সমস্ত খাজনা-দাখিলা ও সম্পূর্ণ জমিতে তাদের দখল বিদ্যমান। তাদের পরিবার বরিশালে অবস্থান করায় তাদের কিছু বর্গাচাষী জমি চাষ করতো ও বসতভিটা দেখাশোনা করতো। গত ২ বছর থেকে তাদের এই বসতভিটায় ডা. মনীষা চক্রবর্ত্তীর পিতামহ শহীদ মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্ত্তীর নামে একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র ও পাঠাগার স্থাপন করা হয়। যেখানে গ্রামের মানুষদের প্রতিমাসে ডা. মনীষা চক্রবর্ত্তীসহ বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হতো।

এই স্বাস্থ্যকেন্দ্র ও পাঠাগার উদ্বোধনের সময় রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশীর আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদিকা পুষ্প চক্রবর্ত্তী, বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি এই জমির সিংহভাহ অংশজুড়ে দুস্থ্যদের সহযোগিতা, কর্মসংস্থানের জন্য বরিশাল কৃষি গবেষণা কেন্দ্র, মৎস অধিপ্তরের প্রত্যক্ষ তত্তাবধানে ও সহযোগিতায় প্রাকৃতিক কৃষি খামার করা হয়।

এই উদ্যোগে গ্রামের মানুষেরা উপকৃত হলেও বর্গাচাষীরাসহ একটি কুচক্রি মহল বিভিন্ন সময় নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। এই কুচক্রি মহলটি এই জমি আত্মসাতের জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল। সর্বশেষ তারা একটি জাল নিলাম দলিল করে জমি আত্মসাতের অপচেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বর্গাচাষী মজিবর গাজী ও মানিক গাজী শহীদ মুক্তিযোদ্ধা সুধীর কুমার স্মৃতি দাতব্য চিকিৎসাকেন্দ্র ও পাঠাগারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চিকিৎসা সরঞ্জাম, মূল্যবান ঔষধসহ আসবাবপত্র সরিয়ে ফেলে এবং পাঠাগার ও চিকিৎসাকেন্দ্রের ঘরগুলো দখলে নেয় এবং শহীদ সুধীর কুমার চক্রবর্ত্তীর নামে পাঠাগার ও চিকিৎসাকেন্দ্রের সাইনবোর্ড সরিয়ে ফেলে। বিষয়টি থানায় অভিযোগ হিসেবে দেয়ার পরও এখন পর্যন্ত বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, যদি প্রশাসন অবিলম্বে মুক্তিযোদ্ধা শহীদ সুধীর কুমার চক্রবর্ত্তীর নামে নির্মিত পাঠাগার, দাতব্য চিকিৎসাকেন্দ্র ও বসতভিতা দখলমুক্ত না করে এবং এই স্বাধীনতাবিরোধী দখলদার ও তাদের দোসরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয় তবে বরিশাল, বাকেরগঞ্জ থেকে হাজার হাজার মানুষ বাশের লাঠি নিয়ে গিয়ে ঐ দখলকারদের উচ্ছেদ করে শহীদ মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করবেন।

বাসদ আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা সুধীর কুমার চক্রবর্ত্তীর সন্তান অ্যাড. তপন চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির বরিশাল জেলার সভাপতি জলিলুর রহমান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশীদ নীলু, বিশিষ্ট নাগরিক শরফুদ্দিন নান্টু, নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি আবুল হাশেম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, বাংলাদেশ খৃষ্টান এসোশিয়েশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, মুদিঘর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (২২১৪) এর সভাপতি দেলোয়ার হোসেন পাইক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সহ-সভাপতি মাফিয়া বেগম, ডিস্ট্রিবিউটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হানিফ হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সভাপতি আাজিজ মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা আহবায়ক সাগর দাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সহসভাপতি হাসিব আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন বাসদ নেতা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক মানিক হাওলাদার।

শেয়ার করুন