ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ৯:২৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’র দাবি নিয়ে বাস মালিকদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিআরটিএ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় বৈঠক শেষ হয়।
এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে সরকার আন্তরিক। তবে পরিবহন মালিকেরা কমাতে রাজি নন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) হিসেবে শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়টি বিবেচনায় নিতে। আজ পরিবহনমালিকদের অন্য একটি বৈঠক ছিল। এ জন্য তাদের সব প্রতিনিধি আসতে পারেননি। তাই যত তাড়াতাড়ি সম্ভব, নিজেদের মধ্যে বসে একটি প্রস্তাব দেওয়ার জন্য পরিবহন মালিক সমিতির প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সচিব বলেন, ভাড়ার বিষয়টি চাপিয়ে দেওয়া যাবে না। সরকার যদি নির্দিষ্ট একটি হার উল্লেখ করে বলে দেয়, বেসরকারি মালিকদের সেটা মানতে হবে। তাহলে তারা হয়তো বাস চালানো বন্ধ করে দিতে পারেন। তখন আরেক জনভোগান্তি হবে। এ জন্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তারা।
তিনি জানান, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিতে শিক্ষার্থীদের ভ্রমণের সময় ভাড়া ছাড় দেওয়া হবে। তবে কত ছাড় দেওয়া হবে, তা শুক্রবার জানিয়ে দেবেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বেসরকারি পরিবহন মালিকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়ে কোনো সুরাহা হয়নি।
তিনি বলেন, মালিকেরা জানিয়ে দিয়েছেন, তাদের পক্ষ কম নেওয়া সম্ভব নয়। তবে সড়ক পরিবহন মন্ত্রণালয় তাদের কয়েক দিন সময় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার অনুরোধ জানিয়েছে।
বাস মালিকরা হাফ ভাড়ার বিনিময়ে প্রণোদনা দাবি করেন বলে জানান সচিব।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
এ ছাড়া সভায় অংশ নিয়েছেন পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা।
সভার সূচনা বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের এই দাবিটি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। এ বিষয়ে সবার মতামত প্রয়োজন।
এর যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিআরটিএতে বসছেন জানিয়ে বাস মালিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সেখানে বসে এ ব্যাপারে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার উদ্যোগ নিচ্ছেন। এরপর শনিবার এটা পূর্ণাঙ্গভাবে নির্ধারণ করতে আপনাদের সঙ্গে বসবেন।