ডেস্ক রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ৪:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মানসিকতা ফ্যাসিবাদী।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে। সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।
বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল বলেও দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে তা ফ্যাসিবাদকেও হার মানায়।
তিনি বলেন, আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে। অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এ দেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা পাওয়ার জন্য উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে চায় না- বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি সর্বজনবিদিত। তারা গণতন্ত্রের কথা বলে অথচ অগণতান্ত্রিক ও চোরাগলি খোঁজে ক্ষমতায় যাওয়ার জন্য।