ডেস্ক রিপোর্ট
৮ নভেম্বর ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: জ্বালানী তেল-সিলিন্ডার গ্যাস, নিত্যপণ্য ও টিসিবির পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে আজ ৮ নভেম্বর সোমবার বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোট খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরীসোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু।
সমাবেশে বক্তারা বলেন, বেশ কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বৃদ্ধি পেলেও ফ্যাসিবাদী সরকার ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। পণ্যদ্রব্য ক্রয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপরন্তু ডিজেল ও কেরোসিনের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে সরকার একদিকে জনগণের পকেট কাটছে অন্যদিকে মুনাফালোভী ব্যবসায়ীদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে। বর্তমান সরকার সুবিধাবঞ্চিত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের স্বার্থের কথা কখনো ভাবেনি। মসনদ রক্ষা করার জন্য গুটিকয়েক বড়লোক-লুটেরাদের স্বার্থ রক্ষায় সর্বদা ব্যস্ত।
বক্তারা বলেন, ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্য কম থাকলেও সরকার মূল্য সমন্বয় করে তেলের দাম কমায়নি। বিগত সাত বছরে বাপেক্স ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। বর্তমানে সরকার প্রতি লিটারে ডিজেলের দাম এক লাফে ১৫ টাকা বাড়িয়েছে, যা সম্পর্ণ অযৌক্তিক ও অমানবিক। তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়বে, সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে। করোনা মহামারীকালে সকল পণ্যের দাম বৃদ্ধি জনগণের ওপর মড়ার ওপর খাড়ার ঘায়ে পরিণত হয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানী তেল-নিত্যপণ্যের দাম কমানো এবং রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।