ডেস্ক রিপোর্ট
৭ নভেম্বর ২০২১, ১২:১৫ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি:: বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার কর্মী সংগঠকদের মতবিনিময় সভা আজ বিকাল ৫টায় রাজা ম্যানশনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড মোস্তফা ফারুক। মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে দলের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। বাংলাদেশে বছরে মোট যে জ্বালানি ব্যবহার করা হয় তার ৭৩ শতাংশই ডিজেল। সড়ক ও নৌ পরিবহন, কৃষির সেচ পাম্প এবং বিদ্যুৎকেন্দ্রসহ অনেক ক্ষেত্রেই ডিজেলের ব্যবহার হয়। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায়, এর ফলে যানবাহনের ভাড়া বাড়বে। কৃষি পণ্য উৎপাদনে খরচ বাড়বে, বিদ্যুতের মূল্যও আবারও বাড়বে। পণ্য পরিবহনের খরচ বৃদ্ধির কারণে পণ্যের দামও বাড়বে। ফলে সরকারের এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী।
গত কয়েক মাস ধরে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অসহনীয় মূল্যবৃদ্ধিতে দেশের জনগণ দিশেহারা। করোনা মহামারীতে দেশের মানুষের আয় কমেছে। অসংখ্য মানুষ কাজ হারিয়ে বেকারত্বের বোঝা বহন করছে। এই অবস্থায় সরকার পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে পণ্যমূল্য আরও বৃদ্ধির পথ করে দিল। এতে জীবন-যাপনের ব্যয় আরও বাড়বে।
নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের ন্যূনতম ভোটাধিকারের অধিকার পর্যন্ত হরণ করেছে। দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। তাই যখন যা খুশি, মালিক শ্রেণির স্বার্থে তাই করতে পারে। এই অবস্থায় মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহবান জানান।