ডেস্ক রিপোর্ট
৬ নভেম্বর ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: যাদের ভোটার আইডি কার্ড নেই তারাও টিকা নিতে পারবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা এখনো টিকা নেননি, তাদের সবার জন্যই টিকার ব্যবস্থা করা হয়েছে। রেজিস্ট্রেশন থাকুক বা না থাকুক ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলেই টিকা নেয়া যাবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখনো দেশে করোনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। করোনা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। করোনা নিয়ন্ত্রণে টিকার একটি বড় ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণ না হলে দেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাবে, লেখাপড়া, স্বাস্থ্যসেবাসহ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক দিন ধরেই সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। আমেরিকায় ২ হাজার, রাশিয়ায় ১২ থেকে ১৩শ, ইউরোপে ৪ থেকে ৫শ ও ভারতে ২ থেকে ৩শ জন প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন। আমাদের এখন টিকা নেওয়ার পাশাপাশি সবক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা হলেই একদিন আমাদের দেশে করোনা শূন্যের কোঠায় নেমে আসবে।’
ইউপি নির্বাচন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দলের মনোনীত প্রার্থীর বিরোধিতা করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতা করা। এই বিরোধিতাকারীদের কোনভাবেই বরদাস্ত করা হবে না। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে।’
ইউপি নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতির প্রতিপক্ষ আমরা নই। আমাদের রাজনীতির প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা। এই বিরোধী শক্তি দুর্গাপূজার সময় তাণ্ডব চালিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। তারা দেশের ভাবমূর্তি বিনষ্টসহ দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির করার গভীর ষড়যন্ত্র করেছেন।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।