ডেস্ক রিপোর্ট
৫ নভেম্বর ২০২১, ৫:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভাংশু চক্রবর্তী এক বিবৃতিতে ডিজেল-কেরোসিন ও এলপিজির দামবৃদ্ধির সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির অজুহাত দেখিয়ে সরকার একলাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে ৮০ টাকা করেছে। এলপিজির দাম সিলিন্ডার প্রতি (১২ কেজি) ৫৪ টাকা বাড়িয়ে ১৩১৩ টাকা করেছে। জ্বালানি তেলের এই দাম বৃদ্ধির ফলে বাড়বে পরিবহন ভাড়া, নিত্যপণ্যের দাম ও কৃষিউৎপাদনের খরচ। এতে জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে। এমনিতে চাল,ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দামবৃদ্ধির ফলে জনজীবন দুঃসহ হয়ে উঠেছে। এখন জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে সংকট আরও বৃদ্ধি পাবে।’
বিবৃতি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকে তখন দাম সমন্বয় করে কমানোর কোন উদ্যোগ সরকারের তরফ থেকে আসে না। সরকার যদি বিপিসির বিভিন্ন পর্যায়ের শুল্ক ও কর হ্রাস করে দাম সমন্বয় করতো, তাহলে দাম বাড়ানোর প্রয়োজন ছিলো না।কিন্তু সরকার জনস্বার্থ বিবেচনায় না নিয়ে ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থে দামবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনজীবনে সীমাহীন দূর্গতি ডেকে এনেছে। গত একদশক ধরে জনগণের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।
কমরেড শুভাংশু চক্রবর্ত্তী বলেন, ‘জ্বালানি তেলের অস্বাভাবিক দামবৃদ্ধি জনগণ মেনে নেবে না। আমরা এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানাচ্ছি এবং গণবিরোধী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্যে জনগণের প্রতি আহবান জানাচ্ছি।’