ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২১, ৩:৫১ অপরাহ্ণ

মোদীর আলিঙ্গনে বিড়ম্বনায় জাতিসংঘ মহাসচিব

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেদন্দ্র মোদির আলিঙ্গনে ‘অস্বস্তি’তে পড়েন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম তির্যক মন্তব্য করতেও ছাড়েনি। প্রশ্ন উঠেছে মাস্কহীন মোদীকে নিয়েও।

কয়েক দিন আগে রোমে জি-২০ বৈঠকে যোগ দিতে গিয়ে একের পর এক রাষ্ট্রনেতাকে আলিঙ্গন করেন মোদী। শনিবার ভ্যাটিকানে গিয়েও পোপ ফ্রান্সিসের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হন তিনি। কিন্তু গোল বাধে মঙ্গলবার গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মঞ্চে।

মঞ্চে উঠে মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পরস্পর মুষ্টি-স্পর্শ করে সম্ভাষণ করেন। এরপর মোদী এগিয়ে যান গুতেরেসের দিকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মহাসচিবকে আলিঙ্গন করতে যান। কিন্তু তাতে তেমন সাড়া দেননি গুতেরেস এবং অভিব্যক্তি থেকে বোঝা গেছে, বিষয়টি মনঃপূত হয়নি তার।

মোদীর আলিঙ্গনের আতিশয্য নজর এড়ায়নি ব্রিটিশ সংবাদমাধ্যমের। একটি সংবাদমাধ্যমের শিরোনাম, ‘উষ্ণতা বাড়ছে! অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয় যখন প্রধানমন্ত্রী মোদী নিবিড় ভাবে গুতেরেসকে আলিঙ্গন করতে গেলেন।’ প্রশ্ন তোলা হয়েছে, ব্রিটেনে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন দূরত্ব-বিধির তোয়াক্কা করলেন না কেন ভারতের প্রধানমন্ত্রী। তার মুখে মাস্ক কোথায়!

জি-২০ বা জলবায়ু সম্মেলন— কোথাওই মোদির মুখে মাস্ক তেমনভাবে চোখে পড়েনি। ভারতের বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে, যে প্রধানমন্ত্রী দেশবাসীকে সুযোগ পেলেই মাস্ক পরার পরামর্শ দেন, বিদেশে তার মাস্ক পরতে অনীহা কেন! আন্তর্জাতিক মঞ্চে মাস্কহীন মোদীকে দেখে কোন বার্তা পেল ভারতবাসী।

শেয়ার করুন