ডেস্ক রিপোর্ট
৩ নভেম্বর ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: ইথিওপিয়ায় পুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টিগ্রে বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেয়ার দাবি করার পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় এ ঘোষণা দেয় দেশটির সরকার।
সরকারি বাহিনী ও বিদ্রোহীদের চলমান সংঘাতের মধ্যেই ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে।
মঙ্গলবার দেশটির আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করে টিগ্রে অঞ্চলের বিদ্রোহীরা। পরে রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানায় তারা।
টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) নৃশংসতা থেকে সাধারণ মানুষকে রক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই জরুরি অবস্থা চলবে ৬ মাস পর্যন্ত। কেউ জরুরি অবস্থার লঙ্ঘন করলে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ডের ঘোষণা দেয়া হয়েছে।
উত্তরাঞ্চলীয় টিগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। সরকারের দাবি, সেনাবাহিনী এখনও লড়াই চালিয়ে যাচ্ছে প্রধান শহর দু’টিতে। এই শহর দুটি রাজধানী আদ্দিস আবাবা থেকে চারশ’ কিলোমিটার দূরে অবস্থিত।
এর আগে, সোমবার বিদ্রোহীদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।