ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৫ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: গ্রেটার সাহারায় ফ্রান্সের সেনাবাহিনীর এক অভিযানে জঙ্গিগোষ্ঠী আইএসের ওই অঞ্চলের নেতা আদনান আবু ওয়ালিদ আল-সাহরায়ি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে এক টুইট বার্তায় এ কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
টুইটে তিনি আরও বলেন, সাহেল এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এটা আরও একটি বড় অর্জন। তবে এ ঘটনার বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
গত আগস্টে এক বিমান হামলায় আহত হবার পর সাহরায়ি মারা যান বলে জানান ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী। জুলাইয়ের মাঝামাঝি আইএসের কয়েকজন ধরা পড়ার পর ফরাসি সেনাবাহিনী সাহরায়ি লুকিয়ে থাকতে পারে এমন কয়েকটি জায়গার সন্ধান পায়। অন্তত দুই থেকে তিন হাজার মানুষের মৃত্যুর পেছনে এই গোষ্ঠী দায়ী বলে ধারণা করছে ফরাসি সরকার, যাদের বেশিরভাগই মুসলিম। মালি, বুরকিনা ফাসো ও নাইজারে বেসামরিক ও সেনাবাহিনীদের লক্ষ্য করে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় আইএসকে দায়ী করা হয়।