ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২১, ১২:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক :: ইয়েমেনের মারিব প্রদেশে ব্যালিস্টিক মিসাইলের আঘাতে নারী শিশুসহ অন্তত ২৯ জন হতাহত হয়েছেন। প্রদেশটির একটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে এই হামলা চালানো হয়।
সোমবার দেশটির তথ্য মন্ত্রী এক টুইট বার্তায় এই তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
টুইট বার্তায় মারিবের গভর্নর মুয়াম্মার আল-ইরিয়ানি বলেন, একটি মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এই হামলায় দুটি মিসাইল ব্যবহার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে জানায় মারিবের গভর্নরের অফিস।
রয়টার্স জানিয়েছে, মিসাইলগুলো হুতিদের তৈরি হলেও এখনও এই হামলার দায় স্বীকার করেনি গোষ্ঠীটি।
জাতিসংঘের তথ্যমতে, দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সাম্প্রতিক সময়ে হুতিদের সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পাওয়ায় খাবারসহ তীব্র মানবিক সংকটে ভুগছে দেশটির দেড় কোটির বেশি মানুষ। সেপ্টেম্বর মাসেই মারিবে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুহারা হন।
ইয়েমেনের আন্তর্জাতিক সমর্থিত সরকারের সর্বশেষ ঘাঁটি মারিবের সংঘাতে মানবিক বিপর্যয় আরও চরম রূপ নিয়েছে। গেল মাস থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে হুতিরা।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৪ সালের শেষ দিকে সৌদি সমর্থিত সরকারকে দেশটির রাজধানী সানা থেকে বিতারিত করে। এরপর ২০১৫ সালের মার্চে ইয়েমেনে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। চলমান দুর্নীতিগ্রস্থ ব্যবস্থা এবং বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে দেশটিতে যুদ্ধ করছে বলে বারবার দাবি করে আসছে হুতি বিদ্রোহীরা।