ডেস্ক রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: গেল বছর বিষ্ফোরণের ঘটনার প্রধান তদন্তকারীকে বরখাস্তের দাবীতে লেবাননের রাজধানী বৈরুতে আন্দোলনরত হিজবুল্লাহ এবং আমাল সমর্থকদের বিক্ষোভে গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আরও অন্তত ৩০ জনের বেশি আহত হয়েছে। রেডক্রস লেবাননের বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
আজ বৃহস্পতিবার রাজনৈতিক বৈষম্যের অভিযোগ এনে বিষ্ফোরণের ঘটনার প্রধান তদন্তকারী বিচারপতি তারেক বিতারকে অপসারণের দাবিতে দেশটির রাজধানী বৈরুতে বিচারপতির প্রাসাদের সামনে জড়ো হন হিজবুল্লাহ এবং আমাল সমর্থকরা। এসময় বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত করা যায়নি।
এর আগে গত তিন সপ্তাহে দুইবার তদন্ত কার্যক্রম স্থগিত করার তীব্র নিন্দা জানিয়েছে গেল বছরের বিস্ফোরণে নিহতদের পরিবারগুলো। রাজনৈতিক নেতা এবং ঊর্ধতন কর্মকতাদের বাঁচাতে এই ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
২০২০ সালের আগস্টে বৈরুতের ওই বিষ্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। সেদিন বিষ্ফোরণে ২১৯ জন নিহত হয় এবং ৭ হাজারের বেশি মানুষ আহত হয়। এ ঘটনায় হাজারেরও বেশি ভবন ধ্বংস এবং ক্ষতিগ্রস্থ হয়।