ডেস্ক রিপোর্ট

২৬ সেপ্টেম্বর ২০২১, ৫:০৪ অপরাহ্ণ

গ্রামকে শহরে রূপান্তর করা হবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে-গঞ্জে সড়ক, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। এসব উন্নয়ন অব্যাহত থাকবে এবং গ্রামকে শহরে রূপান্তর করা হবে।’

রোববার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি আমাকে সবসময়ই জিজ্ঞেস করেন- সুনামগঞ্জের মানুষ সরকারের সুবিধা পাচ্ছে কি না, তাদের উন্নয়ন হচ্ছে কি না। হাওরবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার দরদ বেশি। হাওরবাসীর কথা চিন্তা করেই শেখ হাসিনা টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন। একসময় এই অঞ্চলের মানুষ চিন্তাই করতেন এসব উন্নয়ন প্রকল্পের কথা।’

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়া।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিনসহ উপকারভোগী ও উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন