ডেস্ক রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:২৯ অপরাহ্ণ
অধিকারবিডি ডেস্ক:: ঠাকুরগাঁওয়ে বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। এ ঘটনায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কলোনি এলাকায় অবস্থিত বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে, সোমবার (২০ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির তিনজন ছাত্রীর করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। মঙ্গলবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে, করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী সুবর্ণা ইসলাম রোদেলা মারা যায়। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। তিনদিন ধরে রোদেলার জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছিলো। শনিবার দুপুর ১২টার দিকে মারাত্মকভাবে শ্বাসকষ্ট, গলা ও বুকে ব্যথা উঠে অচেতন হয়ে পড়ায় তাকে দ্রুত মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। তার শরীরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এদিকে, গোপালগঞ্জ পৌরসভার ১০২ নং বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোনালীসা ইসলামের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ওই কক্ষটি বন্ধ করে দিয়েছে। এছাড়াও একই জেলার কোটালীপাড়া উপজেলার ৪ নং ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যারয়ের তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীর করোনা পজেটিভ আসে। তাকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সকালে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। আর এখনই স্কুল বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি। অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, স্কুলে অভিভাবক ও শিক্ষকদের স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির বিষয়ে চাপ দেয়া যাবে না।