ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১২:১১ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৬ রানে অলআউট হয়ে বড় হারের লজ্জা। একটা সংশয় কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সিরিজ জেতা যাবে তো?
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে শঙ্কা কাটিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিশ্চিত করে নিয়েছে সিরিজ। এখন আগামীকালের শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা।
শুক্রবার টাইগাররা জিতলে সিরিজের ফল দাঁড়াবে ৪-১, ঠিক অস্ট্রেলিয়ার মত। আর হারলে হবে ৩-২। কিন্তু সিরিজ হারানোর ভয় তো নেই! তাই শেষ ম্যাচে দলে আসতে পারে পরিবর্তন।
শোনা যাচ্ছে, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বিশ্রামে রাখা হবে দলের দুই গুরুত্বপূর্ণ তারকা সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানকে। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে যোগাযোগ করা হলে তিনি কৌশলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যাপারটা।
মুঠোফোনে নান্নু বলেন, ‘আমি শুনেছি টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে সাকিব ও মোস্তাফিজ কাল খেলবে না।’
আপনি কি শতভাগ নিশ্চিত নন? এ প্রশ্নে নিরুত্তর প্রধান নির্বাচক। তবে তার কথায় বোঝা গেছে, শেষ ম্যাচে সাকিব ও মোস্তাফিজ না থাকার সম্ভাবনাই বেশি। তবে তাদের বদলে কারা ঢুকবেন, আরও কোনো পজিশনে পরিবর্তন ঘটবে কিনা, পরিষ্কার জানাতে পারেননি নান্নু।