ডেস্ক রিপোর্ট
৫ সেপ্টেম্বর ২০২১, ৩:২৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: পাবনার সাঁথিয়ায় নারীকে শ্বাসরোধ করে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে লাশ বিকৃত করার দায়ে স্বামী আলমগীর হোসেনকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে যৌতুকের টাকা চেয়ে না পাওয়ায় আলমগীর তার স্ত্রী ও দুই সন্তানের জননী তাজরিন খাতুনকে (২৮) শ্বাসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার চেহারা বিকৃতি করে দেয়। তাজরিনের সন্তানদের কাছে খবর পেয়ে তার ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে। ১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আলমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে স্বামী আলমগীরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার অন্য আসামিদের বেকুসুর খালাস দেওয়া হয়েছে।
রায়ের সময় সরকার পক্ষের আইনজীবি শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালে পিপি অ্যাডভোকেট খন্দকার আব্দুর রকিব এবং আসামি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু উপস্থিত ছিলেন।