ডেস্ক রিপোর্ট

২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪১ অপরাহ্ণ

সিআরবিতে হাসপাতাল নির্মাণের পাঁয়তারা বন্ধ কর : বামজোট

আপডেট টাইম : সেপ্টেম্বর ২, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে সিআরবিতে হাসপাতাল করার পাঁয়তারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সিআরবি সাত রাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য এবং বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক কমরেড মহিন উদ্দিন। বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, বাসদ( মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্য সচিব কমরেড শফি উদ্দিন কবির আবিদ।

সমাবেশে বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্যের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। সিআরবি চট্টগ্রাম শহরের মানুষের নির্মল শ্বাস নেওয়ার শেষ আশ্রয়স্থল। অথচ এই সিআরবিকে কেন্দ্র করে পিপিপির অধীনে যে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি একটি বেসরকারি হাসপাতাল। বেসরকারি হাসপাতালে যেই চিকিৎসা ব্যয় তা বহনের সার্মথ্য চট্টগ্রাম নগরের সাধারণ মানুষের নেই। এটি মুলত বাণিজ্যিক উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। ফলে সাধারণ মানুষের চিকিৎসার জন্য খুব বেশি সুযোগ ও প্রাপ্তি এখানে নেই। উপরন্তু এই হাসপাতাল নির্মাণ করা হলে তার সাথে আরো অন্যান্য স্থাপনা নির্মিত হবে। ফলে সিআরবিসহ সমগ্র চট্টগ্রামের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠা প্রকৃতি – পরিবেশগত ভারসাম্য মারাত্নক ক্ষতি হবে।

বক্তারা আরও বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রণিত মাস্টারপ্ল্যান অনুযায়ী ড্যাপে সিআরবিকে ঐতিহ্য ও সংস্কৃতি হিসেবে সংরক্ষণের কথা বলা হয়েছে। এটি সাংস্কৃতিক ও পরিবেশগত সংরক্ষিত এলাকা। এই এলাকাকে সংরক্ষণ করতে ড্যাপে আটটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বলা আছে সিআরবিতে কোনো বাণিজ্যিক ব্যবহার ও অ্যাপার্টমেন্ট ভবনের জন্য অনুমোদন দেওয়া যাবে না। তাই সবকিছু লঙ্ঘন করে সিআরবিতে হাসপাতাল নির্মাণ করলে চট্টগ্রামের সাধারণ মানুষ মেনে নেবে না। বক্তারা, অবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণ করার পাঁয়তারা বন্ধ করে সিআরবি বাঁচতে জনসাধারণের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন