ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ৬:৫১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে কিন্তু মুক্তিযুদ্ধের আকাংখার ও চেতনার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে মন্তব্য করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান বলেছেন, শোষণ ও বৈষম্য থেকে মুক্তির সংগ্রাম জোরদার করতে হবে। তিনি সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই কথা বলেন।
২৭ আগষ্ট বিকেল ৫টায় সেগুনবাগিচাস্থ ভ্যানগার্ড মিলনায়তনে বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ। সভায় প্রধান অতিথি হিসেবে রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোট এর শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন ও আহাসান হাবিব বুলবুল।
কমরেড খালেকুজ্জামান বলেন, দেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে কিন্তু মুক্তিযুদ্ধের আকাংখার ও চেতনার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে। তথাকথিত প্রবৃদ্ধির সাথে সাথে ধন বৈষম্য, দারিদ্রতা, অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও শোষণ পাল্লা দিয়ে বাড়ছে। শোষণ ও বৈষম্যমুক্ত সমাজের বিপরীতে পুঁজিবাদি ব্যবস্থা আরোও শক্তিশালী হচ্ছে। শোষণ বাড়ছে, শ্রমজীবী মানুষের অভাব ও দুর্দশা বাড়ছে। করোনার এই দুঃসময়েও মানুষ যখন কাজ হারাচ্ছে, মজুরি ও ক্রয় ক্ষমতা কমছে, নতুন করে আড়াই কোটি মানুষ দারিদ্রসীমার নীচে নেমে গেছে সেই সময় দেশে নতুন ১০ হাজার কোটিপতির জন্ম হয়েছে।

কমরেড খালেকুজ্জামান বলেন, দেশের এই বিদ্যমান শোষণ-বৈষম্যমূলক অবস্থার অবসানে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাংখা ও চেতনা শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। শোষণ ও বৈষম্য থেকে মুক্তির সংগ্রাম জোরদার করতে দেশের সকল জেলা-উপজেলায়, শহর-নগরে, কলে-কারখানায়, ক্ষেতে-খামারে, শিক্ষা প্রতিষ্ঠানে দলের শক্তিশালী কাঠামো তৈরি করতে হবে বলে তিনি জানান।
কর্মীসভা শেষে কমরেড খালেকুজ্জামান ২০২১ থেকে ২০২৩ দুই বছরের জন্য তার প্রাথমিক সদস্যত্ব নবায়ন ও কর্মীসভায় উপস্থিত সদস্যদের নবায়ন ও নতুন আবেদন গ্রহণ করে সদস্য সংগ্রহ ও নবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।