ডেস্ক রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ৪:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোর জন্য টিম সাউদির সঙ্গে চুক্তি করেছে কলকাতা নাইট রাইডার্স। নিউজিল্যান্ড পেসার কেকেআরে সতীর্থ হিসেবে পাবেন সাকিব আল হাসান-আন্দ্রে রাসেলদের।
সাউদির সঙ্গে চুক্তির বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে কলকাতা। ব্যক্তিগত কারণে আইপিএলের দ্বিতীয় লেগ খেলতে না পারা অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের পরিবর্তে কিউই পেসারকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে ৬ বছর আইপিএলে খেলেছেন সাউদি। কিন্তু গত বছরের নিলামে অবিক্রীত রয়ে যান তিনি। আইপিএলে সর্বশেষ তাকে দেখা গেছে ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে। তবে সেবার দলটির হয়ে তিন ম্যাচ খেলার সুযোগ হয় তার।
৩২ বছর বয়সী ডানহাতি পেসার এর আগে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও খেলেছেন। আইপিএলে এখন পর্যন্ত মোট ৪০ ম্যাচ খেলে ৮.৪৭ ইকোনমি রেটে ২৮ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় নিউজিল্যান্ডার হিসেবে কেকেআরের স্কোয়াডে যোগ দিলেন সাউদি।
এর আগে, আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসিকে দলে নেয় মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস।
স্থগিত থাকা আইপিএলে আরও ৩১ ম্যাচ বাকি আছে।