ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২১, ২:৪৩ অপরাহ্ণ

নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মাগুরায় মহিলা ফোরামের সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ২৪, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

মাগুরা প্রতিনিধি:: নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ২৬তম বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মাগুরায় সমাবেশ করেছে এবং ডিসির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট ২০২১) নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মাগুরা জেলা শাখার উদ্যেগে সকাল সাড়ে ১০ টায় চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু ।

সমাবেশে বক্তব্য প্রদান করেন গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর মাগুরা জেলা সংগঠক ভবতোষ বিশ্বাস জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহ্বায়ক কেয়া বিশ্বাস ।

সমাবেশে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) এর ইতিহাস তুলে ধরে বলেন, “১৯৯৫ সালের এই দিনে ইয়াসমিন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পুলিশের কর্মকর্তাদের দ্বারা ধর্ষণ ও হত্যার শিকার হন। ইয়াসমিন হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে দিনাজপুরে গড়ে ওঠা গণআন্দোলনে তৎকালীন সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে নিহত হন ৭জন ভাই। ৭জন অকুতোভয় ভাইয়ের জীবনের বিনিময়ে ও সারাদেশের মানুষের আন্দোলনের মধ্য দিয়ে ইয়াসমিন হত্যার বিচার কার্যকর হতে দেখেছিল বাংলাদেশের মানুষ । নারী নির্যাতন প্রতিরোধ দিবস নারী নির্যাতনের বিরুদ্ধে নারী-পুরুষের মিলিত সংগ্রামের-ই প্রতিচ্ছবি; লড়াইয়ের প্রেরণা। আজ যখন আমরা ২৬তম নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করতে যাচ্ছি, তখন বাংলাদেশে নারীদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হয়েছে? করোনা দুর্যোগের দেড় বছরে সারাদেশ বিপর্যস্ত । এরমধ্যে বোধহয় সবচেয়ে বেশি বিপর্যস্ত নারীরা। এই সময়কালে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন ও বাল্যবিবাহ বেড়েছে ভয়াবহভাবে। নারীদের চাকরি বা কাজ হারানোর হার অত্যন্ত বেশি। পারিবারিক নির্যাতন বেড়েছে কয়েকগুণ। মজুরিহীন-মূল্যায়নহীন গৃহস্থালির কাজের চাপ বেড়েছে অনেক বেশি—আর এর বিপরীতে রাষ্ট্রীয় বা সামাজিক সুরক্ষা আরও কমেছে । ”

সমাবেশ শেষে একটি মিছিল করে নিম্নলিখিত ৪দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়….

১| নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে

২| বাল্যবিবাহ বন্ধে সরকার-প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরদারি ও সচেতনতা বাড়াতে হবে

৩| ক্যাসিনো-মাদক ব্যবসায়ী ও পর্ণোগ্রাফির পৃষ্ঠপোষক মাফিয়া গডফাদার ও সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার করতে হবে

৪| অপসংস্কৃতি-অশ্লীলতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সুস্থ সংস্কৃতির বিকাশে সরকারি উদ্যোগ বাড়াতে হবে ।

শেয়ার করুন