ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ৮:৪৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: তালেবান কাবুল দখলের পর ক্ষমতাচ্যুত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বর্তমানে আবু ধাবি আছেন বলে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় নিশ্চিত করছে যে মানবিক দিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে দেশে স্বাগত জানিয়েছে।’
গত রোববার তালেবান যোদ্ধারা কাবুলে ঢোকার পর সরকারের অন্যান্য সঙ্গীদের চারপাশ ঘিরে ফেলার পর আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান গনি। দেশ ছেড়ে তিনি কোথায় গেছেন বা কোন দেশে আছেন সে সম্পর্কে কয়েকদিনে অনেক জল ঘোলা হয়েছে।
তালেবান রাজধানী কাবুলে প্রবেশের পর আশরাফ গনি চারটি গাড়ি ও হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালিয়ে যান। সেই সময় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আফগান এই প্রেসিডেন্ট প্রথমে তাজিকিস্তানে পরে ওমানে চলে গেছেন বলে খবর দেয়।