ডেস্ক রিপোর্ট

১৬ আগস্ট ২০২১, ১০:৫৪ অপরাহ্ণ

বিশিষ্ট শিক্ষাবিদ ইনাম চৌধুরী এর মৃত্যুতে জাতীয় ছাত্রদলের শোক

আপডেট টাইম : আগস্ট ১৬, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম (শাহীন) এর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ইনামুল্লাহ সাইদুল ইসলাম (ইনাম চৌধুরী) মৃত্যুতে জাতীয় ছাত্রদলের শোক প্রকাশ।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দীনবন্ধু সরকার সৌরভ ও সাধারণ সম্পাদক ওসমান আলী, সিলেট জেলা শাখার যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন।

বিবৃতিতে জানানো হয়, ইনাম চৌধুরী ১৯৫৪ সালের ১২ জুন সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মইনুল ইসলাম চৌধুরী। তিনি ১৯৬৯ খ্রিষ্টাব্দে সিলেট সরকারি পাইলট হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭২ খ্রিষ্টাব্দে সিলেট সরকারি কলেজ (বর্তমান এমসি কলেজ) থেকে এইচএসসি এবং ১৯৭৪ খ্রিষ্টাব্দে বিএ পাশ করেন। ইনাম চৌধুরী ছাত্র জীবনে ‘বিপ্লবী ছাত্র ইউনিয়ন’ এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টির পর ‘বিপ্লবী ছাত্র ইউনিয়ন’ ও ‘বাংলা ছাত্র ইউনিয়ন’ তৎকালীন শ্রমিক শ্রেণির নেতৃত্বের আহবানে এবং মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পৃষ্ঠপোষকতায় একটি প্রগতিশীল ছাত্র সংগঠন গড়ে তোলার লক্ষ্যে ‘গণতান্ত্রিক ছাত্র সংহতি শিবিরি’ নামে একটি মোর্চা গঠন করে। এই মোর্চা সারা দেশের প্রগতীশীল ছাত্র সমাজকে নিয়ে ১৯৭৩ সালের ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক কনভেনশন আহবান করে। এই কনভেনশনে ‘জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার’ প্রত্যয়কে সামনে রেখে গঠিত হয় প্রগতিশীল ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রদল’। ইনাম চৌধুরী সিলেট অঞ্চলে ‘গণতান্ত্রিক ছাত্র সংহতি শিবিরি’ এর অন্যতম নেতা ছিলেন এবং জাতীয় ছাত্রদল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি ইংরেজি ভাষা ও ব্যাকরণে খুবই দক্ষ ছিলেন। তিনি সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং সবশেষে ওসমান আইডিয়েল স্কুলের প্রিন্সিপাল হিসেবে অবসর গ্রহণ করেন। অবসর জীবনে তিনি সিলেটের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখতেন।

উল্লেখ্য, ইনামুল্লাহ সাইদুল ইসলাম (ইনাম চৌধুরী) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে আজ ১৬ আগস্ট ২০২১ সোমবার ভোর সাড়ে ৫টায় নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে, ছোট দুই ভাইসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ইনাম চৌধুরীর নামাজে জানাজা ১৬ আগস্ট ২০২১ বাদ জোহর দরগাহ-ই-হযরত শাহজালাল (র.) মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন