ডেস্ক রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১২:১৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৫ আগস্ট) ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে জাতির পিতার সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের সম্মান জানিয়ে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে সংক্ষিপ্ত মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সকাল ৭টা থেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয়ভাবে কর্মসূচির পালনের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচির পালন করছে।