ডেস্ক রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ৯:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কুমিল্লার বরুড়ায় জাতীয় শোক দিবসের কর্মসূচিতে আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছেন।
রবিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল এবং বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলামের সমর্থকরা র্যালি বের করেন। র্যালিটি বরুড়া বাজারের জিরো পয়েন্টে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিন জন আহত হন। আহতরা হলেন আওয়ামী লীগ কর্মী আবু মিয়া, ছাত্রলীগ কর্মী নাসির উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের সমর্থক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি নিয়ে বরুড়া বাজারের জিরো পয়েন্টে গেলে এমপি নজরুলের সমর্থকরা আমাদের ওপর হামলা চালান। এতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোজাম্মেল আহত হন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এমপি নজরুল সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন বলেন, ‘কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে আমাদের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এতে আবু মিয়া নামে একজন আওয়ামী লীগ কর্মী এবং ছাত্রলীগ কর্মী নাসির উদ্দিন আহত হয়েছে।’
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনার সময় বাজারে পুলিশ মোতায়েন ছিল। তাই বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।