ডেস্ক রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১১:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯ আগস্ট থেকে শুরু হচ্ছে বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াডের ট্রেনিং ক্যাম্প। সেখানে ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে আর দুটি চারদিনের ম্যাচ খেলবে খেলবে তারা। দ্বিপাক্ষিক এই সিরিজকে সামনে রেখে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করা পারফর্মাররা।
বায়োবাবলে যে ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, আকবর আলি, রাকিবুল হাসানরা।
ডাক পেয়েছেন মিনহাজুল আবেদিন আফ্রিদি, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলামের মতো তরুণ প্রতিভারা।
এছাড়া নতুনদের মধ্যে কপাল খুলেছে ইমরানউজ্জামান আর মুনিম শাহরিয়ারের। দুজনই প্রিমিয়ার লিগে ভালো খেলার ফল পেলেন। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২, ৪ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম চারদিনের ম্যাচ ৯ সেপ্টেম্বর এবং দ্বিতীয় চারদিনের ম্যাচ ১৫ সেপ্টেম্বর শুরু হবে।
বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড
ব্যাটসম্যান : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম।
উইকেটরক্ষক : ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি।
স্পিনার : মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন।
পেসার : শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।