ডেস্ক রিপোর্ট

৮ আগস্ট ২০২১, ১২:৫১ পূর্বাহ্ণ

ফরম ফিলাপের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি প্রত্যাহেরের দাবি

আপডেট টাইম : আগস্ট ৮, ২০২১ ১২:৫১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রিয় সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে বলেন, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ফরম ফিলাপের সংশোধিত তারিখ ঘোষণা করা হয়েছে ১- ২২ শে আগষ্ট পর্যন্ত। প্রায় ২ বছর ধরে কলেজ বন্ধ, কোন প্রকার পরীক্ষাও হচ্ছে না।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা যেখানে করোনাকালে বেতন ফি মওকুফের দাবি তুলেছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম ফিলাপের সাথে সারা বছরের সকল ফি যুক্ত করে টাকা জমা দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে। আর্টসের যে বিষয়ের ফরম ফিলাপ ফি ১৮৫০ টাকা সেই বিষয়ে সকল ফি যুক্ত করে জমা দিতে বলা হচ্ছে ৫০৪০ টাকা। বিজ্ঞান বিভাগে ফরম ফিলাপ ফি বিষয় অনুযায়ী ২৩০০ টাকা থেকে ২৫৫০ টাকা নির্ধারিত, যা মোট হিসাবে ৫৫৬০ থেকে ৬১১০ টাকা। সারা বছরের টাকার খাতগুলোতে আছে দরিদ্র তহবিল ফি, ব্যবস্থাপনা ফি, ৩য় বর্ষের নির্বাচনী ও ইনকোর্স পরীক্ষার ফি, ২য় বর্ষের বেতন ও সেশন চার্জ। অর্থাৎ শিক্ষার্থীদের কাছে থেকে পুরো বর্ষের বেতন ও সেশন চার্জ নেয়া হবে এবং আগামী বর্ষেরও নির্বাচনী এবং ইনকোর্স পরীক্ষার ফি নিয়ে নেয়া হবে। এর উপর দরিদ্র তহবিল ও ব্যবস্থাপনা ফিও বহাল রেখেছে। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে তারা টাকা জমা নেবে তার খরচ ও শিক্ষার্থীদের দেয়া বাধ্যতামূলক করেছে। করোনাকালে যখন সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে, জীবিকা নির্বাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে, শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ঝড়ে পড়ার উপক্রম হয়েছে তখন তাদের শিক্ষাজীবন নিশ্চিত করার চেষ্টা তো দূরে থাক সাধারণ মানবিক আচরণটুকুও তারা করতে পারছে না। সারা বছরের সকল ফি ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে তারা সেটাই প্রমাণ করছে। এই পুরো সময়টাতে শিক্ষার্থীরা না কলেজে গিয়েছে, না কোন অবকাঠামোগত এবং শিক্ষাগত সুবিধা পেয়েছে অথচ তাদের সেগুলোর ফি দিতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গতবছর থেকে দাবি করে আসছে করোনাকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ফি মওকুফ করতে হবে, অনলাইন ক্লাসের জন্য প্রয়াজনীয় ডিভাইস ও ডাটা সরবরাহ করতে হবে, সকল শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে হবে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগে টিকা নেয়ার আহবান জানিয়েছে শিক্ষার্থীদের। অর্থাৎ তারা এই দায়িত্বটুকুও পালন করতে পারবেন না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের ফি কমাতে বা প্রত্যাহার করেছে। অথচ দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়।

অবিলম্বে করোনাকালীন সকল বেতন ফি মওকুফ করা এবং ফরম ফিলাপ এর বর্ধিত ফি প্রত্যাহার করার আহ্বান জানান ছাত্র ফ্রন্ট নের্তৃবৃন্দ।

 

শেয়ার করুন