ডেস্ক রিপোর্ট

২ আগস্ট ২০২১, ১২:৫২ পূর্বাহ্ণ

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট টাইম : আগস্ট ২, ২০২১ ১২:৫২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সিলেটে পাঠানো হয়েছে। রবিবার (১ আগস্ট) সন্ধ্যায় করগাঁও ইউনিয়নে শাখোয়া ও করগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে আমন ক্ষেতে এই ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, করগাঁও ইউনিয়নের গউস মিয়ার ফিশারির পাশে একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে শাখোয়া গ্রামের বেনু মিয়ার ছেলে সমীর এবং করগাঁও গ্রামের নুরুল মিয়ার ছেলে টুটুলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই দুটি গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পর পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ওসি জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন