ডেস্ক রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ৩:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কঠোর বিধিনিষেধের পরও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে বাসের সংখ্যা একেবারেই কম। শুক্রবার (২৩ জুলাই) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, যাত্রীবাহী বাস চলাচল করছে। এছাড়া মহাসড়কে চলাচল করছে ব্যক্তিগত অসংখ্য যানবাহন।
এর আগে করোনাভাইরাস সংক্রমণরোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে বাসগুলো মহাসড়কে চলাচল করছে।
মহাসড়কে চলাচলকারী চালকরা জানান, উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় খালি বাস নিয়ে যাত্রী আনতে গিয়েছিলাম। শুক্রবার সকালে যাত্রী পেয়েই রওনা হয়েছি ঢাকায়। তবে মহাসড়কের কোথাও পুলিশি বাধার মুখে পড়তে হয়নি।
এদিকে লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। তবে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে ঢিলেঢালা লকডাউন। এ মহাসড়কে সকাল থেকেই বাস, ট্রাক, পিকআপভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে টাঙ্গাইল শহরে কঠোর লকডাউন পালন হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘সড়ক দিয়ে কিছু নাইট কোচ গেছে। এছাড়া আর কোনও বাস মহাসড়ক দিয়ে যায়নি। মহাসড়ক ফাঁকা। আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’