ডেস্ক রিপোর্ট
৮ জুলাই ২০২১, ৩:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: কঠোর বিধিনিষেধের মধ্যেই সিলেটে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমেদ ও ওসমানী মেডিক্যালে আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে রোগীতে। এদিকে রোগী বাড়ায় দেখা দিয়েছে অক্সিজেন সংকট, পাশাপাশি বাড়ছে নমুনা পরীক্ষার ভোগান্তি। এমন বাস্তবতায়, দুর্যোগ মোকাবিলায় অক্সিজেন সুবিধাসহ প্রস্তাবিত নতুন করোনা ইউনিট চালুর দাবি সংশ্লিষ্টদের।
গত এক সপ্তাহে শুধু সিলেট জেলাতেই নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজারের ওপর। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। মৃত্যুর পরিসংখ্যানটা তুলনামূলক কম হলেও সংক্রমণের ঊর্ধ্বগতি দুর্যোগের আভাস দিচ্ছে। রোগী ভর্তির পাশাপাশি নমুনা দিয়ে ফলাফল পেতেও ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
এরই মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের ১৬টি ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮টি আইসিইউ শয্যা রোগীতে পূর্ণ। নতুন করে গুরুতর রোগী ভর্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘এ মুহূর্তে শামসুদ্দিনেও খালি নাই, ওসমানীতেও নতুন করে নেয়ার মত ব্যবস্থা নাই। আমরা আইসিইউ সংকটের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি।’
নিজস্ব প্ল্যান্ট থাকলেও নিয়মিত অক্সিজেনের যোগান মিলছে না। ডা. হিমাংশু লাল রায় আরো বলেন, ‘আমাদের শামসুদ্দিনে ১০ হাজার লিটার অক্সিজেনের ব্যবস্থা আছে। আর ওসমানী মেডিক্যাল কলেজে আছে ৩০ হাজার লিটার। লিনডে কোম্পানি কিন্তু নিয়মিত অক্সিজেন সরবরাহ করছে না। আমরা আজকে দুইটা চিঠি দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে কথাও বলেছি। ওরা বলেছে আজকে রিফিল করে দিবে।’
নমুনার সংখ্যা বেশি হওয়ায় ফলাফল পেতে কিছুটা কিছুটা সময় লাগছে বলে জানান সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে পরিমাণ স্যাম্পল আসছে তাতে সমস্যা হচ্ছে না। শুধুমাত্র ওসমানী মেডিক্যালে একটু দেরি হচ্ছে। আশানরুপ যতটা হওয়ার কতা সেটা আমরা মেইনটেইন করতে পারছি।’
দ্রুত অক্সিজেন সংকট সমাধানসহ নতুন ইউনিট চালুর দাবি সংশ্লিষ্টদের।