ডেস্ক রিপোর্ট

৬ জুলাই ২০২১, ৫:০০ অপরাহ্ণ

উড়ন্ত মেসিদের মাঠিতে নামাতে পারবে কি কলম্বিয়া?

আপডেট টাইম : জুলাই ৬, ২০২১ ৫:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: এক দল ভাবছে তার আরেকটি গোলের কথা। যে গোল করলে তিনি পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করে ফেলবেন, হয়ে যাবেন যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা। অন্য একটি দল ভাবছে সম্ভাব্য আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি লড়াইয়ের কথা। এমন লড়াই যে সচরাচর হয়ে ওঠে না।

কিন্তু ব্যক্তি লিওনেল মেসি আসলে ব্যক্তিগত বা প্রতিপক্ষ কিছুই ভাবছেন না; তার ধ্যানে-জ্ঞানে এখন আর্জেন্টিনার শিরোপা। নিজে মহাদেশীয় বা বৈশ্বিক শিরোপা হাতে তুলতে পারেননি গত দেড় যুগ, কিন্তু আর্জেন্টিনা যে সেই ১৯৯৩ সালের পর থেকেই ট্রফি বঞ্চিত! মেসি ও আর্জেন্টিনা তাই কেবলই শিরোপা-স্বপ্নে বুঁদ। সামনে এখন দুটি ধাপ পার হওয়া বাকি। যার প্রথমটিতে প্রতিপক্ষ কলম্বিয়া। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির দল।

গ্রুপসেরা হয়ে নকআউট আর কোয়ার্টারে ইকুয়েডরকে হারানো আর্জেন্টিনা সর্বশেষ ১৮ ম্যাচ ধরে অপরাজিত। দীর্ঘ সময় পরাজয় এড়ানোর কৃতিত্ব তখনই বড় সাফল্যে রূপান্তরিত হবে, যখন অপরাজিত ধারায় ট্রফি আসবে- এমনটি ভালো করেই জানা আলবিসেলেস্তেদের। মজার বিষয় হচ্ছে, আর্জেন্টিনা সর্বশেষ যে দুই দলের কাছে হেরেছিল, এবার ট্রফি জিততে হলে হারাতে হবে ওই দুই দলকেই (ব্রাজিলকে ফাইনালে ধরে নিয়ে)।

২০১৯ কোপার সেমিফাইনালে ব্রাজিল আর গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে হেরেছিলেন মেসিরা। কলম্বিয়ার বিপক্ষে অবশ্য গত মাসেই আরেকবার দেখা হয়েছে। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে এগিয়ে থেকেও ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টাইনদের। তবে ব্রাজিলের মাটিতে কোপার আসরে খুব একটা ভালো খেলতে পারছে না কলম্বিয়ানরা।

ইকুয়েডরকে ১-০-তে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র এবং পেরু ও ব্রাজিলের কাছে ১-২-এ হারতে হয়েছে তাদের। কোয়ার্টারে প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ ড্র করার পর শেষ পর্যন্ত জিতেছে টাইব্রেকারে। বিপরীতে আর্জেন্টিনার জয়যাত্রা অনেকটাই মনমতো। চিলির সঙ্গে ১-১ ড্রয়ে শুরু হলেও টানা জয় এসেছে উরুগুয়ে (১-০), প্যারাগুয়ে (১-০) ও বলিভিয়ার বিপক্ষে (৪-১)। কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে জয়ের ব্যবধান ৩-০, যেখানে একটি গোল করার পাশাপাশি দুটিতে অ্যাসিস্ট মেসির।

এবারের আসরে ৪ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে শীর্ষেও বার্সা সুপারস্টার। কোপার সেমি তার জন্য আন্তর্জাতিক ক্যারিয়ারের দেড়শতম ম্যাচ। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের অর্জনটাই যে এখন মুখ্য চাওয়া, সেটি তো এর মধ্যেই স্পষ্ট করেছেন। অপেক্ষা এখন বাস্তবায়নের।

শেয়ার করুন