ডেস্ক রিপোর্ট
১৭ জুন ২০২১, ৩:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ছুটেই চলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জয়রথ। প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচেও সহজ জয় পেল এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রনি তালুকদারের ঝড়ো ইনিংসে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৫ উইকেটে জিতেছে তারা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দফায় দফায় বৃষ্টিতে শেষ পর্যন্ত ইনিংসপ্রতি ১০ ওভার করে নির্ধারিত হয় খেলা। যেখানে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান করে খেলাঘর।
বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১০ ওভারে ৭৪ রানের। নিজেদের ইনিংসের নবম ওভারে ৩ উইকেট হারালেও, জয় পেতে সমস্যা হয়নি প্রাইম ব্যাংকের। রনির ঝড়ের সুবাদে ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে তারা।
রান তাড়া করতে নেমে একপ্রান্তে টেস্ট মেজাজে খেলেছেন তামিম ইকবাল। কিন্তু অন্যপ্রান্তে ঝড় বইয়ে দিয়েছেন রনি। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে মাত্র ১৯ বলে করেছেন ৩৯ রান। যেখানে ছিল ৭ চার ও ১টি ছয়ের মার।
রনির সুবাদে ৫ ওভারেই ৪৮ রান করে ফেলে প্রাইম ব্যাংক। বাকি ২৬ রান করতে হাতে ছিল ৫ ওভার। যা ধীরেসুস্থেই করে তারা। তামিম ইকবাল ১৩ বলে ৯ ও অধিনায়ক এনামুল বিজয় করেন ১৭ বলে ১৬ রান।
এর আগে খেলাঘরের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সাদিকুর রহমান। রাফসান আল মাহমুদ করেন ১০ রান। প্রাইম ব্যাংকের পক্ষে ২ উইকেট নেন নাহিদুল ইসলাম।
প্রথম পর্বের ১১ ম্যাচ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকেই সুপার লিগের খেলা শুরু করবে প্রাইম ব্যাংক। দুইয়ে থাকা প্রাইম দোলেশ্বরের সংগ্রহ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। খেলাঘর ১১ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট।
আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে আবাহনী লিমিটেড। তাদের রয়েছে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট। লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে জয় পেলে দোলেশ্বরকে তিনে নামিয়ে দুইয়ে উঠবে আবাহনী।
অন্যদিকে আবাহনীকে হারাতে পারলে ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগ থেকে বেঁচে যাবে রূপগঞ্জ, নেমে যাবে খেলাঘর। অন্যথায় রক্ষা পাবে খেলাঘর, রেলিগেশন লিগ খেলতে হবে রুপগঞ্জকে।