ডেস্ক রিপোর্ট
১৭ জুন ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আগামী ২১ থেকে ২৪ জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত বাইসেন্টিনিয়াল কংগ্রেসে (Bicentennial Congress of the People of the World) এ যোগ দিতে ভেনেজুয়েলা যাচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।
স্প্যানিশ উপনিবেশবাদের বিরুদ্ধে কারাবোবো যুদ্ধের দ্বিশতবার্ষিকী উপলক্ষে এই কংগ্রেসের আয়োজন করা হয়েছে। লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮০০ প্রতিনিধি এই কংগ্রেসে অংশগ্রহণ করবেন। এই কংগ্রেসকে ‘স্বাধীনতা, ঐক্য, সাম্য এবং মানুষের প্রতি মানুষের সংহতির কংগ্রেস’ হিসেবে উল্লেখ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
কারাবোবো যুদ্ধের দ্বিশতবার্ষিকীর যুদ্ধ স্মরণে আয়োজিত এই কংগ্রেসে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান রাজনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থা, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের অবস্থা নিয়ে আলোচনা করবেন সুমাইয়া সেতু।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুমাইয়া সেতুসহ এই কংগ্রেসে অংশগ্রহণকারী সকল প্রতিনিধিকে অভিনন্দিত এবং এই কংগ্রেসের সার্বিক সফলতা কামনা করেছে।