ডেস্ক রিপোর্ট

২৮ মে ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ

সিলেটে ইটভাটা ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, লুট

আপডেট টাইম : মে ২৮, ২০২১ ১১:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ উপজেলায় ইট ভাটার ব্যবস্থাপক দিরাজ পালকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  তিনি স্থানীয় গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের ব্যবস্থাপক। এ সময় ব্যবস্থাপকের কক্ষ থেকে টাকা ও জরুরি কাগজপত্রও লুটে নিয়েছে তারা।

শুক্রবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিরাজ পাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে। দিরাজ পাল বালাগঞ্জের রতনপুর ইট ভাটার ব্যবস্থাপক ছিলেন।

বালাগঞ্জ থানার ওসি নাজমুল হাসান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইটভাটার ব্যবস্থাপক দিরাজ পালের কক্ষে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা লুট করে পালিয়েছে। গুরুতর আহত দিরাজ পালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

ওসি জানান, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের ৪টি টিম কাজ করছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন