ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২১, ৫:২৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেটে ছুরিকাঘাতে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ওয়েই ওয়েনতাও সানজি (৪৮) নামের এক চীনা নাগরিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শো নামের আরেক চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মে) সকালে পাঠানটুলা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়।
নিহত ওয়েই ওয়েনতাও কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত সানজিসহ ১২ জন চীনা নাগরিক সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রয়েছেন। তারা নগরের কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ নম্বর বাড়ির পঞ্চমতলায় ভাড়া থাকেন।
মঙ্গলবার সকাল ৮টায় শো ও সানজির মধ্যে কিছু নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সানজিকে ছুরিকাঘাত করা হয়।
পরে ভবনের অন্য ফ্ল্যাটের লোকজন পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বুকের মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়াও অন্য চীনা নাগরিক শোর শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে পুলিশী পাহারায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এসময় ফ্ল্যাট থেকে দুটি ছুরি জব্দ করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ বলেন, যেকোনো বিষয়ে ঝামেলার কারণেই একজন আরেকজনকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে সানজি নামের একজনের মরদেহ ও আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, আহত অবস্থায় উদ্ধার করা শো নামের চীনা নাগরিককে প্রথমে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের বিষয়ে জড়িত অপরাধী গ্রেফতার অভিযানসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।