ডেস্ক রিপোর্ট
১৭ মে ২০২১, ৯:০০ অপরাহ্ণ
নীলফামারী প্রতিনিধি:: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা পুড়িয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নীলফামারী জেলা শাখা।
ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে সোমবার (১৭ মে) বিকাল ৫টায় নীলফামারি জেলা ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে বাসদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেন।
জেলা বাসদের আহ্বায়ক ইউনুছ আলীর এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বাসদ, সদস্য সচিব, দামিদুল ইসলাম, জেলা বাসদ, সদস্য নিরঞ্জন রায়,জেলা ছাত্র ফ্রন্টের সংগঠক জাকির হোসেন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও হত্যাকান্ড- চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার প্রয়োজনে ফিলিস্তিনে একটি কৃত্রিম রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করে। ১৯৬৭ সালের এক যুদ্ধে জেরুজালেমের এক অংশ দখল করে তাদের রাজধানী ঘোষণা করে ইসরাইল। সেই সময় থেকেই প্রতি বছরই ইসরাইল জেরুজালেম দিবস পালনের নামে ফিলিস্তিনিদের হামলা ও হত্যাকান্ড- চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ গুটিকতক দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।
নেতৃবৃন্দ বলেন, গতকাল পর্যন্ত ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ২০০ হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৮টি শিশু রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত তাদের ১০ জন নিহত হয়েছে।
বাসদ নেতা ইউনুছ আলী বলেন, ইসরাইল সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।