ডেস্ক রিপোর্ট
১০ মে ২০২১, ১২:০৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ঈদের পূর্বে শ্রমিকদের পাওনা বেতন-বোনাস পরিশোধ, করোনা মহামারিকালে অক্সিজেন সরবরাহ নিয়ে সিন্ডিকেট ব্যবসা বন্ধ ও করোনা টেস্ট সার্বজনীন করার দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যারা অর্থনীতির চাকা সচল রেখেছে সেই শ্রমিকদের পাওনা বেতন-বোনাস অবিলম্বে পরিশোধ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীকালে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ অসৎ পথে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। এসব অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
লকডাউন করতে হলে গরিব মানুষের পেটে খাবার দিতে হবে। তা না হলে মানুষ রাস্তায় খাদ্যের জন্য, কাজের জন্য নেমে আসছে এটাই স্বাভাবিক।
সমাবেশে নেতৃবৃন্দ জনগণের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, আজ দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে সরকারসহ কেউই জানেন না। গরিব মেহনতী মানুষ করোনা পরীক্ষা করাতে পারছেন না। করোনা টেস্ট সার্বজনীন না করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। আজ সরকারী উদ্যোগে যে টেস্ট করার ব্যবস্থা রাখা হয়েছে সেখানে লম্বা লাইন দিয়ে টেস্ট দিলেও তার ফল পেতে অনেক দেরী হয়। অথচ উন্নত দেশগুলোতে কয়েক ঘন্টার মধ্যে টেস্টের ফল পাওয়া যায়।
নেতৃবৃন্দ বলেন, সকল মানুষকে করোনা টেস্টের আওতায় নিয়ে আসতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেখা যাচ্ছে অক্সিজেন নিয়ে সিন্ডিকেট তৈরী হয়েছে। অক্সিজেন সিল্ডিন্ডার ও রিফিলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সিন্ডিকেট ভেঙ্গে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অক্সিজেন মজুত বাড়াতে হবে ও সকল হাসপাতালে আইসিও কার্যকর করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। নেতৃবৃন্দ আরও বলেন, গতবার থেকে এ পর্যন্ত যারা করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে স্বাস্থ্য নিয়ে লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশেও যদি ভারতের মতো ভয়াবহ অবস্থার তৈরি হয় তাহলে কিভাবে তা মোকাবিলা করবে সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।
নেতৃবৃন্দ বলেন, সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই বলেই মনে হচ্ছে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই। সুতরাং আমাদেরকে সাহসী লড়াইয়ের মাধ্যমেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে বাধ্য করতে হবে।
সিপিবি ঢাকা কমিটির সভাপতি কমরেড মোসলেহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ডা. সাজেদুল হক রুবেল, ঢাকা কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক আহসান হাবিব লাবলু।
সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য খান আসাদুজ্জামান মাসুম।