ডেস্ক রিপোর্ট

২৬ এপ্রিল ২০২১, ১০:২৫ অপরাহ্ণ

মামলা করায় শিক্ষকের দুই হাত ভেঙে দেওয়া হলো

আপডেট টাইম : এপ্রিল ২৬, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি :: মামলা করার জেরে ময়মনসিংহের গৌরীপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক হাবিবুর রহমানের দুই হাত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইতোমধ্যে চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের চরাকোনা গ্রামের মো. হাবিবুর রহমান পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার বিশ্বেশ্বরী সরকারি প্রাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়টির কৃষি বিষয়ের শিক্ষক ছিলেন তিনি।

হাবিবুর রহমানদের সঙ্গে প্রতিবেশী আশেক নুরিদের ১৪ শতক জমি নিয়ে অন্তত সাত বছর ধরে বিরোধ চলছে। এর জের ধরে কয়েকদিন আগে আশেক নুরির লোকজন হাবিবুর রহমানদের কিছু গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে হাবিবুর রহমানের ভাই আবদুল আউয়াল গৌরীপুর থানায় মামলা করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে গত ২০ এপ্রিল হাবিবুর রহমানের ওপর হামলা হয়। বাড়ি থেকে ফসলের মাঠে যাওয়ার পথে রাস্তায় ফেলে পিটিয়ে তার দুই হাত ভেঙে দেওয়া হয়। গুরুতর অবস্থায় শিক্ষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দু’দিন পর শিক্ষকের স্ত্রী ঝর্ণা আক্তার সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। সোমবার অচিন্ত্যপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশের একটি দল গ্রেপ্তার করে অন্যতম আসামি আজিজুল হককে। আরও গ্রেপ্তার করা হয় আসামি হযরত আলী, ইসলাম উদ্দিন ও শহিদ মিয়াকে।

শিক্ষকের ছেলে জান্নাতুল ফেরদৌস লিমন জানান, জমি নিয়ে বিরোধে গাছ কেটে নেওয়ার ঘটনায় তার চাচা মামলা করেন। এতে প্রতিপক্ষের লোকজন তার বাবার দুই হাত ভেঙে দিয়েছে। বাড়িঘরেও হামলার পরিকল্পনা করলে এলাকার লোকজনের সহায়তায় তারা রক্ষা করেন। হামলাকারীদের কঠোর বিচার দাবি করেন তিনি।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন