ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ১১:১৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: লকডাউনে কর্মহীন মানুষের জন্য একবেলা খাবারের কর্মসূচি বাসদের ‘কমিউনিটি কিচেন’ কার্যক্রমে এসে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, খবরের পাতা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম বলেছেন, লকডাউনে কর্মহীন, ছিন্নমূল মানুষদের জন্য বাসদের একবেলা খাবারের আয়োজন খুবই প্রশংসার দাবি রাখে। বাসদের এ উদ্যোগ সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জন্য শিক্ষনীয়।
মাহবুবুর রহমান বলেন, বর্তমান লকডাউনে ভয়ংকর বিপদে পড়েছে দিনমজুর শ্রেণির মানুষ। লকডাউনে এ মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এদের জন্য সরকার প্রয়োজনীয় প্রণোদনা না দিয়ে লকডাউন ঘোষণা করায় মানুষগুলো বিপদগ্রস্থ হয়ে পড়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন প্রয়োজন, কিন্তু তার জন্য নিম্ন আয়ের মানুষের খাবার জোগান নিশ্চিত করা প্রয়োজন ছিল। খাবার না দিয়ে জোর করে মানুষকে ঘরে আটকানো সম্ভব নয়।
‘কমিউনিটি কিচেন’ কার্যক্রমে আজ উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, প্রগতি লেখক সংঘের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকির হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারায়ণগঞ্জ জেলার সংগঠক রাজলক্ষ্মী প্রমূখ।
উল্লেখ্য, বাসদের কমিউনিটি কিচেনের কার্যক্রম লকডাউনে ১১ দিন যাবৎ নারায়ণগঞ্জে ৩ টি শাখায় চলমান আছে।