ডেস্ক রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১:৩৪ অপরাহ্ণ
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ। তার নাম শিরিন আক্তার। শুক্রবার রাত সাড়ে ১১টায় আউচপাড়া কলেজগেট শাকিল স্মরণী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী জানায়, আউচপাড়া শাকিল স্মরণী এলাকায় ২২ নম্বর বাড়ির নিচ তলায় ওই নারী বসবার করতেন। তার বাসায় প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষের যাতায়ত ছিলো। তার কাছে কিছু জানতে চাইলে তিনি খারাপ ব্যবহার ও পুলিশের ভয়ভীতি দেখাতেন। তিনি ওই বাসায় কী করতেন কেউ কিছু জানতেন না।
পুলিশ জানায়, ২২ নম্বর বাসার নিচ তলায় মাদকব্যবসা পরিচালনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ওই নারীর ঘরে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল, সাড়ে চার লিটার লিকুইড ফেনসিডিল (পানির বোতলে রাখা) ও নগদ সাড়ে ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর সহযোগী অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।