ডেস্ক রিপোর্ট

১২ এপ্রিল ২০২১, ৮:৫৩ পূর্বাহ্ণ

কঠোর লকডাউন : ঘোষণা ও দায়িত্ব

আপডেট টাইম : এপ্রিল ১২, ২০২১ ৮:৫৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

রাজেকুজ্জামান রতন::

করোনায় ভয়াবহতা বাড়ছে। ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু ঘটছে। এটা শুধু বাংলাদেশে নয় ইউরোপ, ব্রাজিল, ভারতেও বেড়েছে মৃত্যু। ভারতে ও ব্রাজিলে মৃত্যু গত বছরের রেকর্ড অতিক্রম করছে। বাংলাদেশে করোনার তিনটি ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট। তবে শনাক্তের ৮১ শতাংশই হচ্ছে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট। এর সংক্রমণে দ্রুত রোগীর ফুসফুস আক্রান্ত হয়, প্রচুর অক্সিজেন প্রয়োজন হয়, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরতে সময় লাগছে বেশি। ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এক দিনে এত মৃত্যু বাংলাদেশেও গত বছর ঘটেনি। গত বছরের তুলনায় সংক্রমণ, শনাক্ত ও মৃত্যু তিনটাই বেশি করোনার দ্বিতীয় ঢেউয়ে। এ পর্যন্ত ১০ হাজারের মতো মৃত্যুবরণ করলেও অনেকেই বলছেন মৃত্যুর সংখ্যা হয়তো আরও বেশি। নিঃসন্দেহে পরিস্থিতি গত বছরের তুলনায় ভীতিকর। কিন্তু মৃত্যু, শনাক্ত বেড়ে যাওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে সরকারি লকডাউন ঘোষণা কেন যেন কোনো প্রভাব ফেলছে না।

ঢাকা মহানগর হাসপাতালগুলোয় ঠাঁই নাই, ঠাঁই নাই অবস্থা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগী নিয়ে ছুটছেন স্বজনরা। তাদের উদ্বেগ, আশঙ্কা, অসহায়ত্ব যে কেমন তা ভুক্তভোগীরা ছাড়া আর কেউ বুঝবেন না। শ্বাসকষ্ট হলে সবচেয়ে আগে প্রয়োজন অক্সিজেন। আর তা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করতে গেলে প্রয়োজন হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। সেটা পাওয়া যাবে কোথায় বা কোন হাসপাতালে? হাসপাতালের বেড খালি পাওয়া যাবে তো? আর গুরুতর আক্রান্ত রোগীর জন্য আইসিইউ খালি পাওয়া যাবে কি? প্রায় দুই কোটি জনসংখ্যার ঢাকা শহরে সরকারি হাসপাতালে আইসিইউ ১০৪টি আর বেসরকারি হাসপাতালগুলোয় ৩৭৬টি। আইসিইউতে প্রতিদিন সর্বনিম্ন খরচ ৩০ হাজার টাকা আর কোনো কোনো হাসপাতালে তা দুই লাখ টাকার বেশি। টাকা যায় যাক! প্রিয়জন বাঁচুক এই ভাবনায় অনেকে আইসিইউর আশায় হাসপাতালে ভিড় করছেন। ফলে ভর্তির অপেক্ষায় থাকা সংকটাপন্ন রোগীর স্বজনরা প্রতি মুহূর্তে কামনা করতে থাকে যারা ভর্তি হয়ে আছে তাদের মৃত্যু। কারণ মৃত্যু ছাড়া আইসিইউ বেড খালি হওয়ার উপায় নেই। করোনা মহামারী মানুষকে কতটা অসহায় আর অমানবিক করে ফেলছে! মুখে না বললেও মনে মনে ভাবতে থাকে, একটা বেড দরকার। নিজের স্বজন ছাড়া বাকিরা মরে যাক!

২০২০ সালের মার্চের ৮ তারিখে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এক বছর এক মাস পার হয়েছে। করোনা স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা আর স্বাস্থ্যমন্ত্রীর বেফাঁস কথা জনগণের সামনে উন্মোচন করেছিল। এরপর করোনাকালে বাজেট প্রণীত হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ জনগণের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে সে বাজেটে সেটা ভিন্ন আলোচনা, তা করলে হয়তো দায়িত্বপ্রাপ্তরা বিরক্ত হবেন। কিন্তু স্বাস্থ্য খাতে বিশেষত করোনা মোকাবিলায় সীমিত বাজেটের উদ্যোগগুলো কেমন নেওয়া দরকার তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অন্তত বাস্তবায়িত হবে সে প্রত্যাশা নিশ্চয়ই অমূলক ছিল না। অতীতের অভিজ্ঞতা থেকে সবাই বলেছেন, মহামারীর দ্বিতীয় ঢেউটা প্রথমটার চেয়ে মারাত্মক হয়ে থাকে। কে বা শোনে কার কথা! প্রথমবার ছিল দম্ভ। আমরা করোনার চেয়ে শক্তিশালী। আর দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে দেখা গেল আত্মতৃপ্তির ঢেকুর। আমরা করোনা জয় করতে পেরেছি, বাকি সবকিছুই জয় করতে পারব। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের প্রথম ধাক্কাতেই আতঙ্কের শিহরণ জেগেছে মানুষের মনে। তাই কোনো আশ্বাসে মানুষ আর বিশ্বাস করতে পারছে না।

স্বাস্থ্য অধিদপ্তর গত বছর জানিয়েছিল, দেশে সরকারি হাসপাতাল ৬৫৪টি, এখানে শয্যাসংখ্যা ৫১৩১৬টি। বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫০৫৫টি, যেখানে শয্যাসংখ্যা ৯০৫৭৮টি। সব মিলিয়ে প্রতি ১১৫৯ জন মানুষের জন্য ১টি শয্যা। শতকরা একজনের জন্য হাসপাতাল শয্যা প্রয়োজন হলেও হাসপাতাল শয্যা ১০ গুণ বাড়াতে হবে। আইসিইউর সংখ্যা বলা হয়েছিল ১১৬৯টি। এর মধ্যে সরকারি পর্যায়ে ৪৩২ এবং বেসরকারি হাসপাতালে ৭৩৭। গত এক বছরে এসবের কতটুকু বৃদ্ধি হয়েছে তা জানার খুব ইচ্ছা হয়। যে তথ্য আতঙ্কের সঙ্গে ক্ষোভ জাগায় তা হলো, ৩৫০টি আইসিইউ কিনে আনা হয়েছে, সেগুলো নাকি প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে এখনো স্থাপন করা হয় নাই। কথায় কথায় উন্নয়নের বিবরণ শুনে এখন কী অব্যবস্থাপনার উন্নয়নের চিত্র দেখতে হবে?

প্রথম ঢেউ বা ধাক্কার শিক্ষাটা কী ছিল? তা কি কর্তা ব্যক্তিদের মনে আছে? প্রথম ধাক্কায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৭৫ শতাংশ ছিলেন পুরুষ। বাকিরা ছিলেন নারী। বয়স বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সী ৫৬ শতাংশ, ৫০ থেকে ৬০ বছর বয়সী ২৫ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ শতাংশ মৃত্যুবরণ করেছেন সে কথা পরিসংখ্যান বলছে। মৃত্যুর সংখ্যার শীর্ষে ছিল ঢাকা, প্রায় ৫৭ শতাংশ। করোনার উচ্চঝুঁকিতে ছিল ৩১টি জেলা। গত এক বছরে করোনায় কাজ হারিয়েছে, আয় কমেছে সাধারণ মানুষের। কাজ জোগাড় করা এবং বেঁচে থাকা দুটোই কঠিন হয়ে পড়েছে শ্রমজীবীদের পক্ষে। বিভিন্ন গবেষণা সংস্থা এবং বিবিএস পর্যন্ত জরিপ করে দেখিয়েছে, কীভাবে মানুষের জীবনে কষ্ট বেড়েছে করোনার আঘাতে। প্রায় ১ কোটি ৫৬ লাখ মানুষ কাজ হারিয়েছিল এবং ৯৫ শতাংশ শ্রমজীবী মানুষের অন্তত ২০ শতাংশ আয় কমে গিয়েছিল। কিন্তু এসব তো তথ্য। তথ্যের কি শক্তি থাকে, যদি তা কেউ বিবেচনায় না নেয়? বিশেষ করে, যারা ক্ষমতায় আছেন তারা। যে যাই বলুক না কেন, ক্ষমতায় যারা থাকেন কিছু করার ক্ষমতা তো তাদেরই থাকে। কারণ ট্যাক্সের টাকা বা রাজস্ব আয় সব তো তাদের হাতে, প্রশাসন তাদের নিয়ন্ত্রণে। সমাজের বিভিন্ন অংশের মানুষ যত পরামর্শই দিন না কেন বাস্তবায়ন করার ক্ষমতা তো ক্ষমতাসীনদের হাতেই।

স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেট হাসপাতালের নতুন ২০০টি করোনা আইসিইউ বেড ও ১০০০টি আইসোলেশন বেডের প্রস্তুতকরণ ও কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বলেছেন, ‘এ মুহূর্তে সরকারের লকডাউন ব্যবস্থা জরুরি ছিল, তাই সরকার দিয়েছে। যখন লকডাউন তুলে নেওয়ার প্রয়োজন হবে, সরকার সেই সিদ্ধান্ত নেবে। এখন এসব সরকারি নির্দেশনা মেনে না চললে ভবিষ্যতে করোনায় সংক্রমণ ও মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণহীন হতে পারে।’ এই কথার সঙ্গে দ্বিমত করার কি কিছু আছে? কিন্তু যখন সিদ্ধান্তগুলো পালটে যায়, তখন হতবাক হয়ে যাওয়া ছাড়া আর কিছু করার আছে কি? ঢাকাসহ আটটি মেট্রোপলিটন শহরে গণপরিবহন চলবে, মার্কেট খোলা থাকবে বলে জানানো হয়েছে। এ যেন এক বেদনা জাগানো রসিকতা! কঠোর সিদ্ধান্ত আর সীমিত বাস্তবায়নের ট্র্যাজিক নাটকের মঞ্চায়ন চলছে।

করোনার ইনকুবেশন পিরিয়ড ধরা হয় ১৪ দিন, সে কারণেই ১৪ দিনের কোয়ারেন্টাইন কথা বলা হয়। তাহলে সাত দিনের লকডাউন দেওয়া হলো কোন বিবেচনায়? এখানেই সিদ্ধান্তহীনতার শেষ নয়, একবার বলা হচ্ছে লকডাউন কঠোরভাবে মেনে চলতে হবে আবার দুদিন পরেই নগরে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হচ্ছে। অফিস-আদালত চলবে, কারখানা চলবে, ব্যক্তিগত গাড়ি, রিকশা চলবে, বইমেলা চলবে, মার্কেট খুলবে। ঢাকাকে যদি করোনার সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা ধরা হয় তাহলে সাধারণ ছুটি বা লকডাউনের সঙ্গে সঙ্গে যে মানুষ ছুটল গ্রামের দিকে তারা কি সংক্রমণের বিস্তার ঘটিয়ে দিতে সহায়তা করল না? এর ফলে কেন্দ্র থেকে প্রান্তে করোনা ছড়ানোর আশঙ্কা কি উড়িয়ে দেওয়া যাবে? জনগণ করোনাকে ভয় পাচ্ছে না, লকডাউন মানছে না, স্বাস্থ্যবিধি উপেক্ষা করছে, দোকানপাট খুলতে চাইছে, এসব কথা বলে তাদের দায়ী করা যাবে, কিন্তু তাদের ওপর দায় চাপিয়ে করোনা সংক্রমণ ঠেকানো যাবে কি? করোনার হাত থেকে সুরক্ষার একমাত্র উপায় বলে কিছু এখনো সুনির্দিষ্ট করা যায়নি কিন্তু প্রধান উপায় বলে মানুষের সংস্পর্শ এড়ানোর কথা সব চিকিৎসা বিজ্ঞানী বলছেন। এ ক্ষেত্রে সবার সমন্বিত সুরক্ষাই ব্যক্তিকে সুরক্ষিত করতে পারে। তাই জীবিকার চাপে যেন শ্রমজীবী মানুষকে জীবনের ঝুঁকি নিতে না হয় সে ব্যাপারটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। করোনার চেয়ে পেটের ক্ষুধা আর মুনাফার লালসা দুটোরই ক্ষমতা বেশি। গরিব মানুষ লকডাউন মানবে না ক্ষুধার জ্বালায়। মালিকরা কারখানা চালু রাখবেন, ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াতে থাকবেন আর গরিবকে ধমক দিয়ে ঘরে থাকতে বললে কোনোভাবেই সাধারণ মানুষকে ঘরে রাখা যাবে না।

লেখক: সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রাজনৈতিক বিশ্লেষক

শেয়ার করুন