ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ

লকডাউন কে কার্যকর করতে শ্রমজীবীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে

আপডেট টাইম : এপ্রিল ১০, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারন সম্পাদক আহসান হাবিব বুলবুল সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য প্রেরিত বিবৃতিতে লক ডাউনের পূর্বে কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ, সবেতন ছুটি এবং কর্মহীন শ্রমজীবী মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমনের হার বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়লেও সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে করোনার চেয়ে লকডাউন বড় আতংক হয়ে দেখা দিয়েছে। গত বছরের সাধারণ ছুটির সময় চাকুরিচ্যুতি, কর্মহীনতা, বেতন কর্তনের কারণে আয় কমে যাওয়া, খাদ্য নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা শ্রমজীবী মানুষের মধ্যে এই মনোভাব তৈরী করেছে। সিপিডির একটি গবেষণায় দেখা গেছে সেই সময় সরকারের প্রণোদনা সত্ত্বেও রপ্তানিমুখি শিল্প কারখানা থেকে সাড়ে তিন লক্ষাধিক শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হয়েছিল। এস.ডি.জি বাস্তবায়নে নাগরিক প্লাটফরম পরিচালিত খনা জরিপের ফলাফলে দেখা গেছে করোনা সংক্রমন ঠেকাতে প্রথম ধাপের সাধরণ ছুটির সময় প্রান্তিক জনগোষ্টির প্রায় ৮০ শতাংশ মানুষ তাদের খাদ্য বাবদ খরচ কমাতে বাধ্য হয়েছে এবং ৬৯ শতাংশ পরিবার ঋণ নিয়ে টিকে থাকার চেষ্টা করেছে। এখনো প্রান্তিক জনগোষ্টির ৭৯ শতাংশ সেই সময়ের ক্ষতিগ্রস্ততা কাটিয়ে উঠতে পারেনি। অথচ করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের ক্ষতি মোকাবেলায় হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের অর্ধেকও বন্ঠন করা হয়নি। এই অবস্থায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকার ঘোষিত লক ডাউন শ্রমজীবী
মানুষের জন্য আতংক হয়ে দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, লক ডাউন কে কার্যকর করে করোনা সংক্রমণ ঠেকাতে হলে লকডাউনের সময় কর্মহীন শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা, বাড়িভাড়া, চিকিৎসা ব্যায় নির্বাহে পর্যাপ্ত সহায়তা এবং কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা ঘোষণা জন্য সরকারের প্রতি আহবান জানানোর পাশাপাশি জীবন রক্ষায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

 

শেয়ার করুন