ডেস্ক রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ (PEPArS) গত ১২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে ভোটগ্রহণকালে বিভিন্ন অব্যবস্থাপনা, ভোটারদের ভোগান্তি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।
প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ (PEPArS) আহ্বায়ক প্রকৌশলী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হাবিব রুমন এক বিবৃতিতে বলেন, একটি পেশাজীবী প্রতিষ্ঠানের নির্বাচন হওয়া উচিত গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত। অথচ এবারের নির্বাচনে ভোটারদের ভোটদানে বিড়ম্বনা, কতিপয় ব্যক্তি ও গোষ্ঠির কর্তৃত্ববাদী আচরণ এবং IEB ভবনে জাল ভোট প্রদানের অপচেষ্টার অভিযোগসংবলিত ভিডিও প্রকাশসহ বেশ কিছু ঘটনা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। সময়মতো ব্যালট পেপার না পাওয়া, দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকার বিড়ম্বনায় অনেক ভোটার ভোট প্রদান না করেই ভোট কেন্দ্র ত্যাগ করেছেন। অনেকেরই ভোট প্রদানের ইচ্ছা থাকলেও এসব ঘটনা শোনার পর ভোটকেন্দ্রে আসার আগ্রহই হারিয়ে ফেলেছেন। এসব নানান ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
আমরা মনে করি, এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও যথাযথ তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে অনিয়ম ও অসদাচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে IEB-কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এ ধরনের অনিয়মের দৃষ্টান্ত ভবিষ্যতে আরও নীতিহীন ও অসুস্থ নির্বাচনী প্রতিযোগিতাকে উৎসাহিত করবে, যা IEB-এর গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক মর্যাদার জন্য মারাত্মক ক্ষতিকর হবে।
একই সঙ্গে এবারের নির্বাচনে প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও যেসব প্রকৌশলী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে উপস্থিত হয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের তিনজন প্রার্থীর পক্ষে যাঁরা প্রচার-প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম, ভোটের দিন বিভিন্ন দায়িত্ব পালন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনাদের আন্তরিকতা, সাহস, শ্রম ও সংহতি আমাদের সাংগঠনিক পথচলার গুরুত্বপূর্ণ শক্তি।
PEPArS বিশ্বাস করে, IEB কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক বলয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্র নয়। এটি দেশের প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের পেশাগত অধিকার, মর্যাদা এবং বৃহত্তর জাতীয় স্বার্থে ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান।
আমরা এমন একটি IEB চাই, যেখানে মত ও পথের ভিন্নতা থাকবে, কিন্তু পেশাগত মর্যাদা, গণতান্ত্রিক অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে কোনো আপস থাকবে না।
প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ (PEPArS) গণতান্ত্রিক চর্চা, পেশাগত মর্যাদা ও জবাবদিহিমূলক IEB প্রতিষ্ঠার প্রত্যাশায় করে।