ডেস্ক রিপোর্ট

৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ ও শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে শোকসভা ও মিছিল অনুষ্ঠিত

আপডেট টাইম : নভেম্বর ৭, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার মান অনুযায়ী ন্যায্য মজুরি এবং আন্দোলন চলাকালে নির্মমভাবে নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শ্রমিক সংগঠনসমূহের ব্যানারে শোকসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক শামীম ইমাম। পরিচালনা করেন গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব সুশান্ত সিনহা সুমন।

শোকসভায় বক্তব্য রাখেন বর্ষীয়ান শ্রমিকনেতা মঞ্জুরুল আহসান খান, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোশরফা মিশু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মানস নন্দী, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মুস্তাক হোসেন, বিপ্লবী শ্রমিক ফ্রন্টের সভাপতি কামরুজ্জামান ফিরোজ।

সমাবেশে উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির এই বাজারে পোশাক শ্রমিকদের বর্তমান মজুরি দিয়ে কোনোভাবেই পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। শ্রমিকের রক্ত-ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতি সমৃদ্ধ হলেও শ্রমিকদের পাওনা এবং নিরাপত্তা নিশ্চিতে বরাবরই অবহেলা করা হচ্ছে।

শ্রমিকদের ন্যায়সংগত মজুরির দাবিতে আন্দোলন চলাকালে পুলিশ ও সরকারি দলের মাস্তানরা হামলা করছে। নেতৃবৃন্দ তৌফিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “শ্রমিক তৌফিক কোনো অপরাধ করেননি, তিনি শুধু তাঁর বেঁচে থাকার ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তুলেছিলেন। তৌফিক হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাঁর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত শ্রমিকদের ন্যায্য মজুরি এবং তৌফিক হত্যার সুষ্ঠু বিচার করা না হলে আগামীতে দেশের সর্বস্তরের শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন