ডেস্ক রিপোর্ট

৭ জুলাই ২০২১, ১০:২১ পূর্বাহ্ণ

কমরেড মুবিনুল হায়দারের মরদেহ ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হবে আজ

আপডেট টাইম : জুলাই ৭, ২০২১ ১০:২১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ বাম রাজনীতিবিদ কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হবে।

দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকরুদ্দিন কবির জানান, চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে মুবিনুল হায়দার চৌধুরী তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজে দান করে গেছেন। ফকরুদ্দিন জানান, কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর শেষ ইচ্ছা অনুসারে ৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য মরদেহ হস্তান্তর করা হবে।

মরদেহ হস্তান্তরের পূর্বে আজ বুধবার বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসস্থ শহীদ ডা. মিলনের সমাধিস্থলে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। বর্তমান কভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই আয়োজন সম্পন্ন করা হবে।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর বাসদ (মার্ক্সবাদী) তিন দিনব্যাপী শোক পালন করবে। সকল দলীয় কার্যালয়ে এই তিনদিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী গতকাল মঙ্গলবার (৬ জুলাই ২০২১) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

 

শেয়ার করুন