ডেস্ক রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চলমান সংকটকে আরও তীব্র করবে বলে মনে করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর গতকাল রাত থেকে পুলিশ কর্মকর্তাদের হুমকি ও ছাত্রলীগের হামলার প্রস্তুতি চলতে থাকে। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটতে থাকে। সোমবার দুপুরে ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র হামলা ও দুই শতাধিক ছাত্রছাত্রীর আহত হওয়ার ঘটনায় প্রমাণিত হয়, এ হামলা পূর্বপরিকল্পিত।
বজলুর রশীদ বলেন, রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিরক্ত হয়ে ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিলেন। রাষ্ট্রের প্রধান নির্বাহীর মুখে এ ধরনের কথা তাঁর পদের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
বিবৃতিতে বলা হয়, দেশের সব অংশের মানুষ, এমনকি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পর্যন্ত কোটাপদ্ধতি সংস্কারের পক্ষে মত দিয়েছে। তিনি দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর হামলা বন্ধ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি কালক্ষেপণ না করে কোটার যৌক্তিক সংস্কারের দাবি করেন।