ডেস্ক রিপোর্ট
৭ জুন ২০২১, ১০:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বিএনপি যখন মনে করবে সময় এসেছে, তখনই আন্দোলনের ডাক দেবে। একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুন), জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, আগে ছাত্র এবং শ্রমিক যে কোন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতো। আমরা যেটাকে বলি ভ্যানগার্ড, এখন কোথায়? এখন অপেক্ষা করতে থাকে বিএনপি কবে মিটিং করবে। তাতে হবে না, বিএনপিকে মিটিং করতে বাধ্য করবে তারা। এটাই বরাবর হয়েছে। তরুণরা ভাষা আন্দোলনের সময় সবাইকে টেনে নিয়ে এসেছে। আজকেও ছাত্রদের শ্রমিকদেরকে বড় ভূমিকা পালন করতে হবে। তা না হলে আমরা সবাই যেটা চাচ্ছি যে গণআন্দোলনের মধ্যে দিয়ে উত্থান হবে; তার মধ্যে দিয়ে সরকার পরাজিত হবে। তাতে অবশ্যই হবে। তাদেরকে তৈরি করতে হবে। কারা করবে, তরুণ প্রজন্মকেই করতে হবে।
তিনি আরো বলেন, এই সরকার জনগণের সরকার নয়। জনগণের সঙ্গে প্রতারণা করে, বেইমানি করে জোর করে আজকে ক্ষমতা দখল করে আছে। পুলিশ, র্যাব, প্রশাসন, বিচার বিভাগ এমনকি মিডিয়াকে নিয়ন্ত্রণ করে আমরা তাদের ক্ষমতায় যেতে দেখেছি। ৯০ এর পৃথিবী আর আজকের ২০২১ এ বহু পরিবর্তন হয়েছে। ভারতেই দেখুন, যেখানে আগে ধর্মনিরপেক্ষতার কথা বলা হতো এখন সেখানেই ধর্মান্ধতার খেলা চলছে। পশ্চিমা বিশ্বে এখনও ইউরোপ কিছুটা ঠিক আছে। আমেরিকায় কোনরকমে আছে। ট্রাম্প যদি আবার নির্বাচিত হতো ওখানে গণতন্ত্রের যে কী দশা হতো এটা বলা মুশকিল। প্রবণতা হচ্ছে কর্তৃত্ববাদী সরকারের। গোটা পৃথিবীর প্রবণতা হচ্ছে কর্তৃত্ববাদী সরকারের মতো। প্রচুর গবেষণা হচ্ছে, বই লেখা হচ্ছে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে কিনা তার ওপর।
মির্জা ফখরুল আরো জানান, অনেকেই বলে ২০১৮ সালের নির্বাচনে গিয়েছিলাম, অনেকেই আমাদের বলে আমরা ভুল করেছিলাম। আমি এখনো মনে করি আমরা ভুল করিনি। কারণ আমরা চেষ্টা করেছিলাম সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে ওই নির্বাচনের মাধ্যমেই তাদেরকে পরাজিত করতে। আমরা পারিনি। আজকে সেই জনগণকে ঐক্যবদ্ধ করে যদি তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের আন্দোলন সংগ্রামের প্রাণশক্তি হচ্ছে খালেদা জিয়া। এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। আজকে অত্যন্ত পরিকল্পনার সঙ্গে ম্যাডামকে আটকে রেখেছে। তাকে মুক্ত করতে হবে আমাদের।