ডেস্ক রিপোর্ট
৩ জুন ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ করার জন্য থোক বরাদ্দসহ উন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে বরাদ্দের দাবীতে ৩বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১, দুপুর ১২টায় গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাহিদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলার সদস্য সচিব মনজুর আলম মিঠু, কৃষক নেতা নিতাই চন্দ্র বর্ম্মন, কৃষ্ণ চন্দ্র পাল, আশরাফুল আলম আকাশ, সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন করোনায় কাজ হারিয়ে নতুন করে গরীব হয়েছে কোটি কোটি মানুষ। ক্ষুদ্র-মাঝারী ব্যাবসায়ীরা সর্বশান্ত হয়েছে। এই মানুষদের রক্ষায় প্রয়োজনীয় সরকারি সহায়তা দরকার। সকল গরীব-নিম্নআয়ের মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য এখনই পর্যাপ্ত খাদ্য মজুদ করা জরুরী। সেই জরুরী প্রয়োজনে আসন্ন বাজেটে থোক বরাদ্দ দিয়ে নূন্যতম ৭০ লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করার দাবী জানান। তারা বলেন কৃষি বাংলাদেশের প্রাণ। ফলে কৃষি-কৃষক-ক্ষেতমজুরদে রক্ষায় উন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে বরাদ্দ দেওয়ার দাবী করেন।
নেতৃবৃন্দ ধান,গম,ভুট্টা মজুদ করতে প্রতিটি ইউনিয়নে সরকারি উদ্যোগে গুদাম নির্মান ও ক্রয়কেন্দ্র খোলার দাবী করেন। প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে বিএডিসিকে সচল করে সরকারি উদ্যোগে স্বল্পমূল্যে সার-বীজ-কীটনাশক ও সেচ প্রদানের আয়োজন করতে হবে। তারা ক্ষেতমজুরদের সারা বছর কাজ, আর্মিরেটে রেশন, নিজ এলাকার বাইরে কাজে যাওয়া ক্ষেতমজুর ও শ্রমিকদের নিরাপদ যাতায়াতসহ স্বাস্থসম্মত আবাসনের আয়োজন, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীদের মাসিক নুন্যতম ৫০০০টাকা ভাতা প্রদানের দাবীতে ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রাম গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।