ডেস্ক রিপোর্ট

২৮ মে ২০২১, ৪:১৮ অপরাহ্ণ

আবারও সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত বাশার আল-আসাদ

আপডেট টাইম : মে ২৮, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৯৫.১ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তবে পশ্চিমা দেশগুলো এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছে। বয়কট করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দেশটির পার্লামেন্টের সিপ্কার হাম্মৌদা সাব্বাগ বৃহস্পতিবার ভোটের ফলাফল ঘোষণা করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৮ শতাংশ। ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন।

এই জয়ের ফলে ৫৫ বছরের আসাদ আরও সাত বছর সিরিয়ায় ক্ষমতায় থাকতে পারবেন। এর ফলে প্রায় ছয় দশক ধরে তার পরিবার দেশটি শাসন করার দিকে এগিয়ে যাচ্ছে। আসাদের হাফিজ ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত ৩০ বছর দেশটির শাসক ছিলেন।

ফলাফল ঘোষণার পর নিজের নির্বাচনি প্রচারণার ফেসবুক পেজে আসাদ লিখেছেন, সিরীয় নাগরিকদের জাতীয়তাবোধ ও উল্লেখযোগ্য অংশগ্রহণের জন্য ধন্যবাদ। সিরিয়ার শিশু ও তরুণদের জন্য আগামীকাল থেকে কাজ শুরু করি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সিরিয়ার ৭০ শতাংশ ভূখণ্ড এখন আসাদের নিয়ন্ত্রণে। ফলে দেশটির অর্থনীতির নিম্নগামীতা ঠেকানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নির্বাচনে অপর দুই প্রার্থী ছিলেন সাবেক উপ-মন্ত্রিসভা মন্ত্রী আবদাল্লাহ সালৌম আবদাল্লাহ ও ছোট একটি বিরোধী দলের মাহমুদ আহমেদ মারেই। নির্বাচনে সালৌম পেয়েছেন ১.৫ শতাংশ এবং মারেই পেয়েছেন ৩.৩ শতাংশ ভোট।

ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নির্বাচনের আগে আসাদের সমালোচনা করেছে। তারা দাবি করেছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আসাদবিরোধী তুরস্কও বলেছে, এই নির্বাচন অবৈধ।

 

শেয়ার করুন