ডেস্ক রিপোর্ট
৯ ডিসেম্বর ২০২২, ২:২৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে রাজপথ উত্তপ্ত। উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনেও বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। স্টেশনের বাইরে এবং ভেতরেও পুলিশের সরব উপস্থিতি দেখা গেছে৷
ক্ষেত্রবিশেষ সন্দেহজনক কাউকে পেলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিও করা হচ্ছে। তবে অন্যান্য দিনের চেয়ে আজ (শুক্রবার) স্টেশনের যাত্রীর চাপ অনেক কম বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, বাইরে একসঙ্গে বেশি মানুষকে জটলা করতে দিচ্ছে না পুলিশ। কোনো ধরনের দলবদ্ধ অবস্থান থাকলেই তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া স্টেশনের ভেতরে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ বুথেও পর্যবেক্ষক টিম কাজ করছে।
স্টেশনে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা হলে তারা বলেন, ঢাকার বাইরে থেকেও খুব কম যাত্রী আসছে। যাত্রীরা আতঙ্কে থাকায় এমনটি হতে পারে।
খালিদ সাইফুল্লাহ নামে একজন বলেন, স্টেশনে ঢোকার সময় আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টিকেট চেকসহ কোথায় যাব, কেন যাব জানতে চাওয়া হয়েছে৷ তবে হয়রানিমূলক কিছুই হয়নি।
পুলিশ বলছে, সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করি। কমলাপুর রেলস্টেশন এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবেই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা পুলিশের উদ্দেশ্য নয়।