ডেস্ক রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ৮:২৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া আগামী ১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রুনাইয়ের সুলতানের আসার কথা ছিল ১৪ অক্টোবর। এখন তারিখ পরিবর্তন হয়ে হয়েছে। তিনি ১৫ অক্টোবর আসবেন। আমাদের রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি আসছেন। ঢাকা-ব্রুনাই ফ্লাইট চালু হওয়ার বিষয়ে কেবিনেটের অনুমোদন পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) আমি সংবাদ সম্মেলন করব। তখন বিস্তারিত তথ্য জানাব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরা বলছেন, ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরে দেশটির সঙ্গে পাঁচটির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই পারে। জ্বালানি খাত, জনশক্তি রপ্তানি, আকাশপথে সরাসরি যোগাযোগসহ আরও দু-একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এর মধ্যে একটি নবায়ন হবে।
সুলতানের সফর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, সুলতানের সফরে আমরা চাইব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই করতে। এর মধ্যে শ্রমবাজার সংক্রান্ত একটি সমঝোতা, সরাসরি বিমান চলাচলে চুক্তি, জ্বালানি নিয়ে আগের সমঝোতার নবায়ন হতে পারে। এ ছাড়া আরও দু-একটি এমওইউ হতে পারে।